২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের বিরুদ্ধে এক মামলায় হাই কোর্টের স্থগিতাদেশ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 07:09 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

একই আদেশে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ গ্রামীণ টেলিকমের পরিচালক নুরজাহান বেগমের বিরুদ্ধে মামলার কার্যক্রমও স্থগিত করেছে হাই কোর্ট।

মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট রোববার রুলসহ এ আদেশ দেয়।  

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।

মাহফুজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ও পরিচালক নুরজাহান বেগমের ক্ষেত্রে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল দিয়েছেন। এ দুজনের ক্ষেত্রে মামলাটি কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।”

ইউনূস এ প্রতিষ্ঠানের ‘অনারারি (বিনাবেতনে)’ চেয়ারম্যান। তিনি সুবিধাভোগী নন, এমন যুক্তিতে তার ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করা হয়েছে লে জানান এ আইন কর্মকর্তা।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।

গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান ও পরিচালক মো. শাহজাহানও এই মামলার আসামি।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মামলায়।