রেল নিয়ে কর্মসূচি স্থগিতের পর এবার আদালতে রনি
রেল দুর্ঘটনার কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চাইছেন এই শিক্ষার্থী।
রেল দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের জন্য একটি কমিটি গঠন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনি।
বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রনির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল এ রিট আবেদনটি করেন।
আবেদনে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া গত ২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে, ২১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানীতে রেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এমন রুলও চেয়েছেন রনি।
রিট আবেদনে রেল মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
আবেদনটি বুধবার দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাই কোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হলে ওই বেঞ্চের এক বিচারপতি এ বিষয়ে শুনতে অপারগতা করেন।
আইনজীবী তাপস কান্তি বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ‘আনফর্চুনেটলি’ আদালত আবেদনটি শুনতে চায়নি। এখন বৃহস্পতিবার বা রোববার এ বিষয়টি লিস্টে আসবে, তখন কোনো বেঞ্চে শুনানির জন্য ধার্য হবে।”
গত ২১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানীতে লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ৫ নির্মাণ শ্রমিক মারা যান। এরপর ২৯ জুলাই মিরসরাইয়ের খৈয়াছড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চুরমার হয়ে নিহত হন ১১ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনি রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই থেকে কমলাপুর টিকেট কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।
তার এক অভিযোগের ভিত্তিতে গত ২০ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ট্রেনের টিকেট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে। তবে সহজের আবেদনে জরিমানার সেই আদেশ স্থগিত করে হাই কোর্ট।
টানা কয়েকদিন কমলাপুর ও শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে গেলেও পরে রেল সচিব ও রেলের মহাপরিচালকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তিনি।
