২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছর বয়সেই মাদক মামলা ৩১, গ্রেপ্তার অর্ধশত বার

প্রতিবার গ্রেপ্তার হন। কিছুদিন পর জামিনে বেরিয়ে এসে আবারও গাঁজা বিক্রি শুরু করেন, ভাষ্য পুলিশের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 11:32 PM

Updated : 18 Jan 2024, 11:32 PM

ঢাকার কারওয়ান বাজার এলাকায় অভিযানকালে এক ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তারের পর পুলিশের তথ্য বলছে, ৩০ বছর বয়সী এ যুবকের বিরুদ্ধে ৩১টি মামলা রয়েছে।

সুরুজ মিয়া নামের এ ব্যক্তির এর আগেও অর্ধশতবার গ্রেপ্তারের তথ্য দেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন।

এ ব্যক্তিকে তেজগাঁওয়ের শীর্ষ মাদক কারবারি দাবি করে তিনি বলেন, সুরজকে পুরনো একটি মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

ওই রাতে কাওরান বাজার এলাকায় পৃথক অভিযানকালে নারীসহ আরও পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের তথ্য দেন ওসি মহসিন।

গ্রেপ্তার অন্যরা হলেন- লিটন মিয়া (৩৮), সাগর (২১), মো. আজাহার (৩৭), মো. শান্ত হোসেন (২৬) ও মরিয়ম (২৮)।

সুরুজের বয়স ৩০ হলেও ইতোমধ্যে তার বিরুদ্ধে ৩১টি মামলা রয়েছে জানিয়ে ওসি মহসিন বলেন, ২০২১ সালের একটি মাদক মামলায় জামিনে বেরিয়ে আসার পর আর আদালতে হাজির হননি এ মাদক কারবারি। গত ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।


ওসির ভাষ্য, সুরুজ তেজগাঁওয়ে গাঁজা বিক্রি করেন। এর আগে অর্ধশতাধিক বার গ্রেপ্তার হয়েছেন। প্রতিবার গ্রেপ্তার হন। কিছুদিন পর জামিনে বের হন। এরপর আবারও গাঁজা বিক্রি শুরু করেন।

গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ১০টি, সাগরের বিরুদ্ধে আটটি, আজাহারের বিরুদ্ধে চারটি, শান্তের বিরুদ্ধে একটি ও মরিয়মের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

ওসি বলেন, এরা প্রত্যেকেই তেজগাঁওয়ে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করেন।