রেলে শূন্য পদ ২০ হাজার, ৯ মাসে ৩ হাজার নিয়োগ
শিগগির জনবলের এ সংকট নিরসন হওয়ার কথা সংসদে বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলওয়ের বিভিন্ন পর্যায়ে সবশেষ ৯ মাসে দুই হাজার ৮৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও প্রায় ২০ হাজার পদ শূন্য রয়েছে। শিগগির জনবলের এ সংকট নিরসন হওয়ার কথা সংসদে বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সোমবার সংসদে চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
বর্তমান সরকারের আমলে ৮৫১ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের তথ্য দিয়ে মন্ত্রী জানান, গত ৫ বছরে ১৩০টি নতুন ব্রজগেজ কোচ, ২৫৮টি মিটারগেজ কোচ, ৩০টি মিটারগেট ও ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ রেলবহরে যুক্ত হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা প্রকল্প আগামী বছর এপ্রিলে শেষ হবে বলে আশা করছেন তিনি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ‘ইলেকট্রিক ট্র্যাকশন’ প্রবর্তনে এ সমীক্ষা চালাতে এবং বিশদ নকশার জন্য পরামর্শক নিয়োগে গত ১৭ জুলাই চুক্তি হওয়ার কথা জানান তিনি। এর পরই মূল প্রকল্প নেওয়া হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
