দুর্গাপূজা: সামাজিক মাধ্যমে গুজব নিয়ে কঠোর হওয়ার নির্দেশ
নামাজ ও আজানের সময় মাইক বন্ধ রাখার আহ্বানও জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি।
দুর্গাপূজায় সামাজিক মাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
সোমবার নিজ কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের ১১ পুলিশ সুপার ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে পুলিশ সুপারদের এ নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে ডিআইজি মিনা বলেন, “ফেইসবুক, হোয়াটস অ্যাপসহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট, মন্তব্য ও বিভ্রান্তিকর ছবি পোস্ট করে অনেকে গুজব ছড়ায়। যেগুলোর কারণে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।”
মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা, পর্যাপ্ত আলোক ব্যবস্থা রাখার অনুরোধ করেন পুলিশ কর্মকর্তা। নামাজ ও আজানের সময় মাইক বন্ধ রাখার আহ্বানও জানান রেঞ্জ ডিআইজি।
পূজার আগে ও পূজার সময় বিভিন্ন মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশপাশি অজ্ঞান পার্টি এবং ছিনতাইতাকারীদের তৎপরতা রোধে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকারও কথা বলেন চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি।
