ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা ইইউ’র
ঢাকায় এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার।
ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন এ ঘোষণা দেন। এ সময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার দু’দিনের (১০ ও ১১ নভেম্বর) সফরে বাংলাদেশে এসেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলভা ইয়োহানসন ঢাকার গুলশানে ইইউ দূতাবাস ভবনে এক অনুষ্ঠানে ৩ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা দেন।
রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে ইলভা ইয়োহানসন বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সমর্থনে আমি মুগ্ধ। বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে।
“ইউরোপীয় ইউনিয়ন যেমন এই বছর সরাসরি হুমকিতে থাকা ৪ মিলিয়ন (৪০ লাখ) ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে, বাংলাদেশও ঠিক তেমনি তার সীমান্তে নিপীড়ন ও সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে। এটা প্রমাণ করে যে ইইউ ও বাংলাদেশ একই মূল্যবোধে বিশ্বাসী, এবং কাজের মাধ্যমেই তা প্রমাণিত।”
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এনামুর বলেন, “ইউরোপীয় ইউনিয়ন ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৩ (তিন) মিলিয়ন ইউরো সহায়তা দেবে, এটা শুনে আমরা খুশি হয়েছি। কক্সবাজারেও রোহিঙ্গাদের তারা সহায়তা করেছে। বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।”
তিনি জানান, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এদের বেশিরভাগ থাকছে কক্সবাজারের শরণার্থী শিবিরে, একটি অংশকে নোয়াখালীর ভাসানচরে রাখা হয়েছে।
