২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

“বাংলাদেশের উপর সংখ্যালঘু ও মানবাধিকার প্রশ্নে কোনও প্রমাণ ছাড়াই পশ্চিমা বিশ্ব সারাক্ষণ লেগেই থাকে,” বলেন তরীকত ফেডারেশনের সভাপতি।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানানো হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 12:36 AM

Updated : 05 Jul 2023, 12:36 AM

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মোমেন বলেন, “সুইডেনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে ঢাকায় দেশটির শার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে।

“রাষ্ট্রদূত জানিয়েছেন, সুইডেন সরকার এ জন্য ক্ষমা চেয়েছে এবং যে ব্যক্তি কাজটি করেছে- তাকে তারা গ্রেপ্তার করেছে। এই লোকটি বলেছিল যে- সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে। কিন্তু সেইখানে যে কোরআন শরিফ পোড়াবে, সেটা বলেনি।”

এর আগে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন শরিফ পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। 

পুরনো খবর:

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

এ সংসদ সদস্য বলেন, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ডসহ পশ্চিমা বিশ্ব ফ্রিডম অব রিলিজিয়নের অধীনে বিভিন্ন রকমের সরকারি ও আধাসরকারি সংস্থা সমগ্র বিশ্বে তদারকি করে। প্রয়োজনে বিভিন্ন দেশের সরকারের উপর চাপও সৃষ্টি করে। এ চাপ সবসময় এশিয়ার উপরই থাকে। বাংলাদেশের উপর সংখ্যালঘু ও মানবাধিকার প্রশ্নে কোনও প্রমাণ ছাড়াই সারাক্ষণ লেগেই থাকে।