২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে জলজট, পানি সরাতে কাজ করছে ডিএনসিসি

কোথাও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে ফোন করেও জলাবদ্ধতার তথ্য জানানো যাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 07:14 PM

Updated : 28 Jun 2023, 07:14 PM

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমে যাওয়া পানি সরাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে।

এছাড়া বৃষ্টিতে উপড়ে পড়া প্রায় ২০টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।  

জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি পাম্প সকাল থেকে চালু রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, বুধবার ভোর থেকে টানা ভারি বৃষ্টি হওয়ায় পানি অপসারণে কিছুটা সময় লেগেছে।

এখনো যেসব অঞ্চলে জলাবদ্ধতা রয়েছে সেখানে কুইক রেসপন্স টিম পাঠিয়ে ড্রেন পরিষ্কার করে পানিপ্রবাহ নিশ্চিত করা হচ্ছে। 

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলো গভীর রাত থেকে কাজ করছে।

কোথাও পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন জানাতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডিএনসিসির হটলাইন ১৬১০৬ নম্বরে ফোন করেও জলাবদ্ধতার তথ্য জানানো যাবে।