২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ফের লঘুচাপ, বাড়বে বৃষ্টি

বৃষ্টি বাড়লে তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে আসবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 24 Jan 2024, 11:48 AM

Updated : 24 Jan 2024, 11:48 AM

আশ্বিনের শুরুতেও মৌসুমী বায়ু সক্রিয় বাংলাদেশের ওপর। এর প্রভাবে প্রতিদিনই বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঝরছে। মঙ্গলবার দুপুরেও রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে আগামী কয়েকদিনে বৃষ্টির এই প্রবণতা বাড়তে পারে।

সেই সাথে পাঁচদিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের আরেকটি লঘুচাপও সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঘুচাপ একটা সৃষ্টি হয়েছে কিন্তু সেটা ওরকম সিগনিফিক্যান্ট না। এটা কাল বিকেল নাগাদই চলে যাবে।”

আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়বে জানিয়ে তিনি বলেন, “এখন মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়, সেজন্যই আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গতকাল খেপুপাড়ায় ১৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

“এই বৃষ্টিপাত আগামী ৩-৪ দিন থাকবে। এখন তো দক্ষিণাঞ্চলের দিকে হচ্ছে। কিন্তু কাল থেকে উত্তরাঞ্চল, মানে সিলেট, রংপুরের দিকেও বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে।”

বৃষ্টি বাড়লে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে আসবে বলে জানান আবহাওয়াবিদ মনোয়ার।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর এবং বান্দরবানে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)