২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

থানা হেফাজতে মৃত্যু: পুলিশ পাহারায় রুম্মনের দাফন

সোমবার সন্ধ্যায় আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান তেজগাঁও বিভাগের উপ কমিশনার এইচ এম আজিমুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 05:18 PM

Updated : 22 Aug 2022, 08:19 PM

ঢাকার হাতিরঝিল থানা হেফাজতে থাকা অবস্থায় মারা যাওয়া রুম্মন শেখের মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় রামপুরায় স্থানীয় একটি মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান তেজগাঁও বিভাগের উপ কমিশনার এইচ এম আজিমুল হক।

এর আগে দুপুরে রুম্মনের মৃতদেহ তার বাবাকে বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

তবে রুম্মনের শ্যালক সাইফুল ইসলাম বলেন, তারা কোনো মৃতদেহ পাননি। কে নিয়েছে এটা তাদের জানা নেই।

“এতদিন তার বাবা-ভাই কোথায় ছিল? আমরা বিচার চাইতে আদালতে আছি। আমার বোন (রুম্মনের স্ত্রী) সাথে আছে। আমরা ন্যায়বিচার চাই।”

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা আড়াইটার দিকে রুম্মনের বাবা ও এক ভাই লাশ বুঝে নিয়েছে।

তবে মৃতের এই স্বজনদের বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে।”

পরে পুলিশ পাহারায় লাশ মোহাম্মদপুরে দাফন-কাফন সেবাদানকারী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামীতে নেওয়া হয়। সেখানে গোসল করানোর পর বিকাল ৪টার দিকে পুলিশ পাহারাতেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় বলে জানান আল মারকাজুল ইসলামীর কর্মী আবু সাইদ আল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় সাতজন পুলিশ সদস্য এসেছিলেন, রুম্মনের শুধু বাবা এবং ভাই ছিল।”

রুম্মনের ভাই পেয়ার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, লাশ দাফনের জন্য তারা পুলিশ প্রহরায় রামপুরা যাচ্ছেন।

পুরনো খবর:

পুলিশ হেফাজতে মৃত্যু: রুম্মনের লাশ না নিয়ে স্বজনরা আদালতে
হাতিরঝিল থানায় যুবকের মৃত্যু: পুলিশ ‘আত্মহত্যা’ বললেও ‘সন্দেহ’ পরিবারের

পুলিশের ভাষ্য, চুরির অভিযোগে গ্রেপ্তার ২৭ বছর বয়সী রুম্মন শুক্রবার মাঝরাতের পর জেল হাজতে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেন। এর একটি সিসিটিভি ভিডিও স্বজনদের দেখানো হয়েছে।

তবে রুম্মনের পরিবার বলছে, গ্রেপ্তারের পর তাকে থানায় মারধর করা হয়েছে। পুলিশের দেখানো ভিডিওতে মৃতদেহ বা ঝুলন্ত দেহ ‘ছিল না’। রুম্মনের বিরুদ্ধে আনা চুরির অভিযোগও ‘সঠিক নয়’।

তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক শনিবার রাতে থানায় সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৫ অগাস্ট ইউনিলিভারের পিওরইটের এক বিপণনকারীর ৫৩ লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় মামলা হলে আল আমিন, সোহেল রানা ও অনিক নামে তিনজনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। তারা এখন কারাগারে আছেন।

ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এবং সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে রুম্মন শেখকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার বিকালে রামপুরা মহানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুম্মন ওই বিপণন কোম্পানির ভ্যানচালক ছিলেন।

আজিমুল হক বলেন, “তার (রুম্মন) বাসা থেকে তিন লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষে রাত ১১টার দিকে তাকে থানা হেফাজতে রাখা হয়।”

শনিবার সকালে রুম্মন শেখকে আদালতে পাঠানোর কথা ছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কিন্তু রাত ৩টা ৩২ মিনিটে রুম্মন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়। সিসিটিভি ফুটেজে সেটা দেখা গেছে। ওই ফুটেজ নিহতের স্ত্রীসহ স্বজনদেরও দেখানো হয়েছে।”

তবে রুম্মনের স্ত্রী এবং পরিবারের সদস্যরা ওই ভিডিওকে ‘অসম্পূর্ণ’ আখ্যায়িত করে ঘটনার তদন্ত দাবি করেছেন।

রুম্মন নিহত হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাতিরঝিল থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।