হাতিরঝিল থানায় যুবকের মৃত্যু: পুলিশ ‘আত্মহত্যা’ বললেও ‘সন্দেহ’ পরিবারের
“কোনো মৃতদেহ বা ঝুলন্ত দেহ ভিডিও ফুটেজে দেখাতে পারেনি পুলিশ,” বলেন রুম্মনের স্ত্রীর বড় ভাই মোশাররফ।
রাজধানীর হাতিরঝিল থানায় যুবকের মৃত্যুকে পুলিশ ‘আত্মহত্যা’ দাবি করলেও স্বজনদের অভিযোগ, গ্রেপ্তারকৃতকে মারধর করা হয়েছে। আর তাদেরকে দেখানো সিসিটিভি ভিডিওতে মৃতদেহ বা ঝুলন্ত দেহ ‘ছিল না’।
পুলিশ বলছে, চুরির অভিযোগে গ্রেপ্তার রুম্মন শেখ (২৭) শুক্রবার মাঝরাতের পর জেল হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। যেটির একটি সিসিটিভি ভিভিও স্বজনদের দেখানো হয়েছে।
আর এ ঘটনায় ওই থানার দুই সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শনিবার বিকাল পর্যন্ত তাদের মৃত্যুর বিষয়ে জানানো হয়নি। বিকালে আদালতে আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে তারা থানায় এসে জানতে পারেন রুম্মনের মৃত্যুর খবর।
এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বেশ কিছু সংখ্যক বাসিন্দা হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করেন।
শনিবার রাতে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তদন্তে তিন সদস্যের কমিটি করার কথা জানান।
বরখাস্ত দুই পুলিশ সদস্য হলেন- হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়া।
ডিসি আজিমুল হাতিরঝিল থানায় সাংবাদিকদের জানান, ১৫ অগাস্ট ইউনিলিভারের পিওরইটের ডিস্ট্রিবিউটর মাসুদ অ্যান্ড ব্রাদার্সের ৫৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আল আমিন, সোহেল রানা ও অনিক হোসেন। তারা এখন কারাগারে আছেন।
ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে রুম্মন শেখকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার বিকালে রামপুরা মহানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “তার বাসা থেকে তিন লাখ ১৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযান শেষে রাত ১১টার দিকে তাকে থানা হেফাজতে রাখা হয়।”
শনিবার সকালে রুম্মন শেখকে আদালতে পাঠানোর কথা ছিল জানিয়ে তিনি বলেন, “কিন্তু শুক্রবার রাত ৩টা ৩২ মিনিটে রুম্মন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়।
“যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এই ফুটেজ নিহতের স্ত্রীসহ স্বজনদেরও দেখানো হয়েছে।”
রুম্মন ওই বিপণনকারী প্রতিষ্ঠানের ভ্যান চালক ছিলেন।
তবে তার স্ত্রী জান্নাত বেগমের বড় ভাই সাইফুল ইসলাম মোশাররফ অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় পুলিশ যে ভিডিও ফুটেজ দেখিয়েছে তা অসম্পূর্ণ।
“রুম্মনের কোনো মৃতদেহ বা ঝুলন্ত দেহ ভিডিও ফুটেজে দেখাতে পারেনি পুলিশ। আমরা দেখেছি রুম্মন থানার হাজতের গ্রিল বেয়ে ওপরে উঠছে এবং নেমে গেছে সুস্থভাবে।”
তার অভিযোগ, “এরপর আর কোনো ফুটেজ না দেখিয়ে আমাদের থানা থেকে বের করে দেয়।”
তিনি মৃতের দেহে আঘাতের চিহ্ন দেখেছেন বলে দাবি করেন।
তার বিরুদ্ধে চুরির যে অভিযোগ আনা হয়েছে তাও ঠিক নয় বলে দাবি করেন রুম্মনের স্ত্রী জান্নাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার স্বামীর কাছ থেকে কিছুই পায়নি পুলিশ। ভিডিও ফুটেজ আছে বাড়িতে, তদন্ত করে দেখুক।”
মাত্র ১২ হাজার টাকা বেতনে রুম্মন ভ্যান চালাতেন জানিয়ে মোশাররফ বলেন, “তার কাছ থেকে যে টাকা উদ্ধারের কথা বলা হয়েছে সেটা অসত্য।
“সকালে নাস্তা দেওয়া হল, কনস্টেবলকে ১০০ টাকাও দেওয়া হল নাস্তা দেওয়ার জন্য। তারা সব কিছুই নিল, কিন্তু বিকাল পর্যন্ত তারা পুরো বিষয়টি গোপন রাখে।”
রামপুরার যে বাড়িতে ভাড়া থাকে রুম্মন সে বাড়ির মালিক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুম্মনের জন্য আদালতে তার স্ত্রীসহ অপেক্ষায় ছিলেন।
আইনজীবীর মাধ্যমে জামিনের প্রস্তুতি নিতে দীর্ঘ সময় পার হয়ে গেলেও থানা থেকে রুম্মনকে আদালতে না পাঠানোয় তারা বিকালে খোঁজ নেন বলে জানান তিনি।
ফারুক বলেন, “বিকালে আদালতে খোঁজ নিয়ে জানা যায়, রুম্মন আত্মহত্যা করেছে বলে আদালতে একটি প্রতিবেদন এসেছে। এরপরেই থানায় ছুটে এসে অপেক্ষায় থাকা স্বজনদের জানাই রুম্মন আত্মহত্যা করেছে।
“এর আগে পর্যন্ত পুলিশ কিছুই জানায়নি।”
পরে এসব অভিযোগের বিষয়ে জানতে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার আজিমুলকে ফোন করা হলে তিনি ধরেননি। মেসেজ পাঠিয়েও কোনো উত্তর মেলেনি।
তবে এর আগে হাতিরঝিল থানায় পরিবারের পক্ষ থেকে রুম্মনকে মারধরের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা।
রুম্মন শেখের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ইউনিলিভার বাংলাদেশ এক বিবৃতিতে বলেছে, “আমরা মিডিয়ার মাধ্যমে অবহিত হয়েছি যে সুমন শেখের গ্রেপ্তারের বিষয়টি মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্সের দায়ের করা একটি মামলার সাথে সম্পর্কিত এবং এটি মাসুদ অ্যান্ড ব্রাদার্স এবং এর কর্মচারীর মধ্যে একটি বিষয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এর বেশি কিছু বর্তমানে আমাদের জানা নেই ।
“কোম্পানি (ইউনিলিভার) কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ/মামলা দায়ের করার সাথে জড়িত নয় বা মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্সকে এরকম কোনো নির্দেশনাও দেয়নি, কারণ ঘটনাটি ইউনিলিভারের সাথে সরাসরি যুক্ত কোনো বিষয় থেকে হয়নি । তবে আমরা এই তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।”
