ব্র্যাকের ‘হোপ ফেস্টিভাল’র পর্দা নামল
শেষ দিন তরুণ প্রজন্মের চেঞ্জমেকারদের দেওয়া হয় ‘ইয়াং চেঞ্জমেকারস অ্যাওয়ার্ড’।
‘তারুণ্যের জয়গান’, ‘শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান’ আর আগামীর বাংলাদেশ নিয়ে আশা আর সম্ভাবনার কথা ধ্বনিত হল বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘হোপ ফেস্টিভাল’র শেষ দিনে।
শেষ দিন দেশ গড়ে তোলায় ভূমিকা রাখা কোটি মানুষের শ্রম, ঘাম, আর হার না মানার শক্তি ফুটে উঠে কবিতা, গান এবং নানা কর্মশালায়।
তিনদিনব্যাপী এই উৎসবের শেষদিনে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা, তাগা ফ্যাশন অ্যাওয়ার্ড, আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নানা দেশের শিক্ষার্থীদের সমবেত গান পরিবেশন করা হয়। দিনের শেষে নেমেসিস, আর্টসেল, নগর বাউল জেমসের পারফরম্যান্সে মাতে হাজারো মানুষ।
ব্র্যাকের ৫০ বছরের ‘অগ্রযাত্রা’ উদযাপনের অংশ হিসেবে শনিবার সকাল ১১টা থেকে এই আয়োজনের শুরু। শেষদিনের প্রতিপাদ্য ছিল ‘সম্ভাবনার শক্তিতে যে পৃথিবী আমরা গড়তে চাই।’
দিনটি শুরু হয় ‘ব্র্যাক স্কুল’, ‘কিশোর উন্নয়ন ক্লাব’, ‘ব্র্যাক কুমন’ ও ‘একমাত্রা’ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত কবিতা, গান ও নাচ পরিবেশনার মাধ্যমে।
দিনটিকে উৎসর্গ করা হয় বাংলাদেশের তরুণ প্রজন্ম ও চেঞ্জমেকারদের প্রতি, যারা নিজ নিজ প্রকল্পের মাধ্যমে সমাজের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নিজ নিজ কাজের সম্মানস্বরূপ তাদের পুরষ্কারও দেওয়া হয়।
তরুণ প্রজন্মের চেঞ্জমেকারদের দেওয়া হয় 'ইয়াং চেঞ্জমেকারস অ্যাওয়ার্ড'। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ৩৫ বছরের কম বয়সী নারীদের দেওয়া হয় 'তাগা আউটস্ট্যান্ডিং ইয়াং প্রফেশনালস অ্যাওয়ার্ড'।
শেষ দিনের আয়োজনে ছিল জলবায়ু পরিবর্তন ও অভিযোজন কৌশল নিয়ে আলোচনাও। ভাষার মাসে বিশ্বের সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ভাষায় সংগীত পরিবেশনা করে ব্র্যাক ইউনিভার্সিটির দেশি-বিদেশি শিক্ষার্থীরা।
ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেন, “আমরা মানুষের মধ্যে আশার সঞ্চার, জ্ঞান, দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতার সুযোগ তৈরি করে তাকে আত্মবিশ্বাসী করে তুলি। আমাদের লক্ষ্য মানুষকে স্বনির্ভর করে তোলা, যাতে সে নিজেই নিজের জীবন পরিবর্তনের দায়িত্ব নিতে পারেন। এশিয়া ও আফ্রিকায় ১০ কোটিরও বেশি মানুষ তাদের জীবনমান পরিবর্তনের লড়াইয়ে ব্র্যাকের অংশীদার হয়ে কাজ করছেন।”
সমাপনী বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।
বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয় তিন দিনের এই উৎসব।
