গার্ডার দুর্ঘটনার মামলায় পুলিশকে প্রতিবেদন দিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়
ক্রেইন চালক, ঠিকাদার কোম্পানি চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) এবং নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঢাকার উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে করা মামলায় আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার এজাহার জমা হলে বিচারক মোহাম্মদ জসিম সেটি গ্রহণ করেন। এরপর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মোহাম্মদ ইয়াসীন গাজীকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ওই তারিখ ঠিক করে দেন বলে আদালত পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী জানান।
গার্ডার দুর্ঘটনায় নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।
ক্রেইন চালক, প্রকল্পের অন্যতম ঠিকাদার কোম্পানি চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি) এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্তদের সেখানে আসামি করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, “মামলায় অবহেলার কারণে প্রাণহানির অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।“
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে উত্তরায় জসীম উদ্দীন বাস স্ট্যান্ড এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে বিআরটি প্রকল্পের কংক্রিটের গার্ডার ক্রেইন দিয়ে তোলা হচ্ছিল ট্রেইলারে। এর মধ্যে ভারসাম্য হারিয়ে ক্রেন একদিকে কাত হয়ে যায়।
তখন ক্রেইনে থাকা গার্ডারটি ওই ট্রেইলারের পাশ দিয়ে টঙ্গীমুখী সড়কে চলমান একটি প্রাইভেট কারের ওপর পড়ে। ভারী ওই গার্ডারের চাপে মুহূর্তের মধ্যে চ্যাপ্ট হয়ে যায় গাড়িটি।
গাড়ির জানালার ধারে থাকা নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১) টেনে বের করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠাতে পারলেও ওই পরিবারের আরও পাঁচজন গাড়ির ভেতর আটকে থাকেন তিন ঘণ্টা।
পরে সন্ধ্যায় গার্ডার সরিয়ে হৃদয়ের বাবা রুবেল মিয়া (৬০), রিয়ার মা ফাহিমা (৪০), খালা ঝর্না (২৮) এবং ঝর্নার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়ার (২) লাশ উদ্ধার করা হয়।
মর্মান্তিক এই ঘটনার পর ব্যস্ত সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী ‘না রেখে’ বিআরটি প্রকল্পের কাজ করা নিয়ে প্রশ্ন ওঠে। সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ৫০ টন ওজনের গার্ডারটি প্রাইভেটকারে আছড়ে পড়ার আগ মুহূর্তে সেটি যখন শূন্যে ঝুলছিল, তখনও তার ঠিক নিচ দিয়ে কয়েকটি গাড়িকে দ্রুত পার হচ্ছিল।
