১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গার্ডার দুর্ঘটনা: ক্রেইন চালক, ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে মামলা

অবহেলার কারণে প্রাণহানির অভিযোগ করা হয়েছে পরিবারের করা মামলায়।

গার্ডার দুর্ঘটনা: ক্রেইন চালক, ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে মামলা

ঢাকার উত্তরায় সোমবার বিকালে জসিম উদ্দীন সড়কে প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে ক্রেন দিয়ে বক্সগার্ডার ওঠানোর সময় সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 11:02 AM

Updated : 16 Aug 2022, 02:38 PM

ঢাকার উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে মামলা হয়েছে ঠিকাদার কোম্পানি, ক্রেইন চালক এবং প্রকল্পের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে।

নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু সোমবার রাতে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, “মামলায় অবহেলার কারণে প্রাণহানির অভিযোগ করা হয়েছে। ক্রেইন চালকের পাশাপাশি প্রকল্পের অন্যতম ঠিকাদার কোম্পানি চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

দুর্ঘটনার সময় যিনি ক্রেইন চালাচ্ছিলেন, তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে জানালেও তার নাম বলেননি ওসি। অভিযোগের বিষয়ে ঠিকাদার কোম্পানির বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

পুরানো খবর:

গার্ডার সরাতে ৩ ঘণ্টা: ‘অসহায়ের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির ভেতর মরতে দেখলাম’

পুরানো খবর:

গার্ডার চাপায় চিড়ে চ্যাপ্টা গাড়ি, ভেতরেই গেল ৫ প্রাণ

পুরানো খবর:

এক বিআরটিতেই বারবার গার্ডার দুর্ঘটনা

সোমবার বিকাল সোয়া ৪টার দিকে উত্তরায় জসীম উদ্দীন বাস স্ট্যান্ড এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনের সড়কে বিআরটি প্রকল্পের কংক্রিটের গার্ডার ক্রেইন দিয়ে তোলা হচ্ছিল ট্রেইলারে। এর মধ্যে ভারসাম্য হারিয়ে ক্রেন একদিকে কাত হয়ে যায়।

তখন ক্রেইনে থাকা গার্ডারটি ওই ট্রেইলারের পাশ দিয়ে টঙ্গীমুখী সড়কে চলমান একটি প্রাইভেট কারের ওপর পড়ে। ভারী ওই গার্ডারের চাপে মুহূর্তের মধ্যে চ্যাপ্ট হয়ে যায় গাড়িটি।

গাড়ির জানালার ধারে থাকা নবদম্পতি হৃদয় (২৬) ও রিয়া মনিকে (২১) টেনে বের করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠাতে পারলেও ওই পরিবারের আরও পাঁচজন গাড়ির ভেতর আটকে থাকেন তিন ঘণ্টা।

পরে সন্ধ্যায় গার্ডার সরিয়ে হৃদয়ের বাবা রুবেল মিয়া (৬০), রিয়ার মা ফাহিমা (৪০), খালা ঝর্না (২৮) এবং ঝর্নার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়ার (২) লাশ উদ্ধার করা হয়।

মর্মান্তিক এই ঘটনার পর ব্যস্ত সড়কের মাঝখানে নিরাপত্তা বেষ্টনী ‘না রেখে’ বিআরটি প্রকল্পের কাজ করা নিয়ে প্রশ্ন ওঠে। সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ৫০ টন ওজনের গার্ডারটি প্রাইভেটকারে আছড়ে পড়ার আগ মুহূর্তে সেটি যখন শূন্যে ঝুলছিল, তখনও তার ঠিক নিচ দিয়ে কয়েকটি গাড়িকে দ্রুত পার হচ্ছিল।

এ ছাড়া ৫০ টন ওজনের গার্ডার বহনকারী ক্রেইনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। যদিও ক্রেইনটির সক্ষমতা ৮০ টন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।