২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে আটক ৬ রোহিঙ্গা, তিনজনের পেটে ইয়াবা

দুই নারী ও এক শিশুকে ইয়াবার পোটলা গিলিয়ে কক্সবাজার থেকে উড়োজাহাজে করে ঢাকায় নিয়ে আসেন পরিবারের এক পুরুষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 06:14 PM

Updated : 03 Nov 2023, 07:52 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক রোহিঙ্গা পরিবারের ছয় জনকে পুলিশ আটক করেছে, যাদের মধ্যে তিনজনের পাকস্থলীতে মিলেছে প্রায় ছয় হাজার ইয়াবা।

বৃহস্পতিবার রাতে নভো এয়ারের এক ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে ওই ছয় জন। তাদের আচরণে সন্দেহ হওয়ায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাদের আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, “আটক করার পর এপিবিএন কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা কিছু স্বীকার করেনি। পরে পরীক্ষা করে দুই নারী এবং ১৫ বছর বয়সের এক শিশুর পাকস্থলীতে ইয়াবার পোটলার সন্ধান মেলে।"

পরে ওই শিশু এবং তার ফুফু আছিয়া বেগম (২৫) ও চাচী জোহুরা বেগমের (৩০) পেট থেকে ৬ হাজার ২৭৫টি ইয়াবা বের করা হয়।

পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বলেন, এই পরিবারের ইয়াবা বহনের মূল পরিকল্পনাকারী আছিয়া বেগমের স্বামী আলী আহমদ (২৮)। আছিয়া বেগমের সাথে তার ৭ মাসের এক শিশু এবং জহুরা বেগমের ১০ মাস বয়সের এক শিশু ছিল।

ইয়াবা পওয়ার পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা কক্সবাজারের টেকনাফের লেদা ক্যাম্পের অধিবাসী বলে জানান।