২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের মাসে প্রধানমন্ত্রীর ‘উপহার’, ১০০ সড়ক হল মহাসড়ক

৫০টি জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের এসব মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১ কিলোমিটার।

বিজয়ের মাসে প্রধানমন্ত্রীর ‘উপহার’, ১০০ সড়ক হল মহাসড়ক

ছবি: পিএমও

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 01:30 PM

Updated : 21 Dec 2022, 03:37 PM

দেশের ১০০ জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর জন্য এটা তার বিজয় দিবসের উপহার।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সড়কের উদ্বোধন করেন সরকারপ্রধান। ৫০টি জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের এসব মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ২১ কিলোমিটার।

শেখ হাসিনা বলেন,“এই বিজয়ের মাসে আমি জনগণের জন্য, বিজয়ের উপহার হিসেবে, এই একশোটা সড়ক আমি মহাসড়কে রূপান্তর করে দিলাম।”   

মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটি স্তরে এসব মহাসড়কের কাজের সঙ্গে যুক্ত প্রকৌশলী থেকে শুরু করে শ্রমিক, স্থানীয় জনগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি- সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বিশেষ করে আমাদের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ যারা সম্পৃক্ত, তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এত দ্রুত এই কাজগুলো তারা সম্পন্ন করতে পেরেছেন।”

২০২১ কিলোমিটার মহাসড়কের মধ্যে ২০৬ দশমিক ৫৪ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৬২১ দশমিক ৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১১৯৩ দশমিক ৩৪ কিলোমিটার জেলা মহাসড়ক। এসব সড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৯১৫ কোটি টাকা।

১০০টি মহাসড়কের মধ্যে ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটারের ৩২টি; ময়মনসিংহে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটারের ৬টি; চট্টগ্রামে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটারের ১৫টি; সিলেটে ১০৬ দশমিক ১৮ কিলোমিটারের ৪টি; খুলনায় ৩৫২ দশমিক ২৬ কিলোমিটারের ১৬টি; রাজশাহীতে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটারের ৮টি; রংপুরে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটারের ১৫টি এবং বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটারের চারটি মহাসড়ক রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এর আগে গত ৭ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।