২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের উপরেই সব ছেড়ে দিচ্ছি: প্রধানমন্ত্রী

“আজকে বিশ্বব্যাপী বাঙালি, এ বাংলাদেশ যে মর্যাদা পেয়েছে, সে মর্যাদা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 12:06 PM

Updated : 28 Jan 2024, 12:06 PM

জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যাতে ‘ছিনিমিনি’ খেলতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “অক্টোবরে সংসদের আরেকটি অধিবেশন রয়েছে, এরপর সংসদের নির্বাচন। ভোটের ভার জনগণের উপরই। তবে জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে এবং গণতান্ত্রিক ধারাটা যেন ব্যহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

বৃহস্পতিবার একাদশ সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন সংসদ নেতা।

তিনি বলেন, “আজকে পার্লামেন্ট শেষ হবে, ইনশাআল্লাহ অক্টোবর মাসে আরেকটা সেশন বসবে। সেটাই হবে আমাদের এ সময়ের (চলতি মেয়াদের) শেষ সেশন। পরে নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট দেয়, আবার এদিকে (সরকারি দল) আসব। না দিলে ওদিকে (বিরোধী দল) যাব। কোনো অসুবিধা নেই। জনগণের উপরেই আমরা সব ছেড়ে দিচ্ছি, জনগণ যেটা করবে।

“তবে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যখন অর্থনৈতিকভাবে, সারাবিশ্বে যখন অর্থনৈতিক মন্দা মূল্যস্ফীতি (নিয়ে জর্জরিত), তখন যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি- এ অগ্রযাত্রাটা যেন অব্যাহত থাকে।”

কোনো চক্রান্তের কাছে এ দেশের জনগণ মাথা নত করবে না মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না, এ বাঙালিকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। আজকে বিশ্বব্যাপী বাঙালি, এ বাংলাদেশ যে মর্যাদা পেয়েছে, সে মর্যাদা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)