০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মিন্টু রোডে সড়ক বিভাজকে অটোরিকশা, চালকের মৃত্যু

“আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাকে ধরছিল না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 09:16 AM

Updated : 09 Oct 2026, 09:16 AM

ঢাকার মিন্টু রোডে নিয়ন্ত্রণ হারানো এক সিএনজির অটোরিকশা সড়ক বিভাজকে ওঠার পর যানটির চালক মারা গেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই চালক সানোয়ার হোসেনকে (৫০) ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ গ্রামে।

সানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেন আরেক সিএনজি অটোরিকশার চালক তৌহিদ মিয়া।

তিনি বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ভিড় দেখে তিনি এগিয়ে যান।

“দেখি—আমার মতই আরেকজন সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আমি লোকমুখে জানতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি আইল্যান্ডে উঠে গেলে তিনি ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে পড়ে থাকেন।

“আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাকে ধরছিল না। একটি অ্যাম্বুলেন্স দাঁড়ালেও গার্ডিয়ান নেই বলে তাকে নিতে চায়নি। পরে আমি নিজের সিএনজিতে করে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি।”

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টায় সানোয়ারকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী চালক তৌহিদ মিয়া বলেন, “সেই সিএনজিতে আরও দু-একজন যাত্রী ছিল বলে আমি শুনেছি। তবে অবস্থা অতটা গুরুতর না হওয়ায় তাদেরকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”

তৌহিদের ভাষ্য, নিহত চালক মাথায় এবং ঘাড়ের ডান পাশে প্রচণ্ড আঘাত পান।

“তার গলার ডান পাশ দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান।”

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।