২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সড়কে উচ্চ গতির গাড়ি উল্টে গিয়ে চুরমার

মহাখালীর কাছে বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনায় গাড়ির যাত্রী চার তরুণ-তরুণী প্রাণে বেঁচে গেছেন।

ঢাকার সড়কে উচ্চ গতির গাড়ি উল্টে গিয়ে চুরমার

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 01:41 AM

Updated : 16 Aug 2023, 02:27 AM

তিন দিনের ব্যবধানে আবার দুর্ঘটনা ঘটল ঢাকার মহাখালীর পাশের বিমানবন্দর সড়কে। এবার উচ্চ গতিতে চলা একটি গাড়ি ফুটপাত ও সড়ক বিভাজকে পরপর ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে।

বিএএফ শাহীন স্কুল ও কলেজের সামনে এবারের দুর্ঘটনায় ওই গাড়ির যাত্রী চার তরুণ-তরুণী প্রাণে বেঁচে গেলেও গত ১২ অগাস্ট একই স্থানে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছিলেন রিকশারোহী এক সবজি বিক্রেতা।

মধ্যরাতে ওই সড়ক দিয়ে উচ্চ গতিতে রেসিং কারসহ এসইউভি নিয়ে পাল্লা দেওয়ার ঘটনা প্রায় প্রতিরাতেই দেখা যায় বলে স্থানীয়দের ভাষ্য।

সেদিনের দুর্ঘটনার জন্য দায়ী কাউকে গ্রেপ্তার না করার মধ্যে মঙ্গলবার রাতে সেই স্থানে আবার দুর্ঘটনা ঘটল।

Image

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে সড়কে শাহীন স্কুল ও কলেজের বিপরীত পাশে মহাখালী থেকে জাহাঙ্গীর গেইটমুখী ওই টয়োটা গাড়িটি (ঢাকা মেট্রো-গ ১৫-১৫৫১) দুর্ঘটনায় পড়ে। এসময় কিছুক্ষণের জন্য ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিধ্বস্ত গাড়ি থেকে দুই তরুণ ও দুই তরুণীকে বের করে সেখানেই তাদের দাঁড় করিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। গাড়ির আরোহী চারজনকে প্রায় অক্ষতই দেখা গেছে।

প্রাইভেট কারটির উচ্চ গতি নিয়ে ওই তরুণ-তরুণীদের সামনে ক্ষোভ ঝাড়ছিলেন স্থানীয়রা। গাড়ির আরোহীদের মধ্যে একজনের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল বলেও তারা দাবি করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক শরীফ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুটব্রিজ লাগোয়া ফুটপাতে বসে থাকাবস্থায় হঠাৎ মহাখালীর দিক থেকে বিকট শব্দ করতে করতে প্রাইভেটকারটি ধেয়ে আসে।

“গাড়িটি আমার থেকে ১০০ গজ দূরে থাকতেই হঠাৎ বাম পাশে বাঁক খেয়ে ফুটপাথে ধাক্কা খেল। পরক্ষণেই ডানে দুই পল্টি দিয়ে ডিভাইডারের উপর গিয়ে পড়ল। সেখানে ধাক্কা খাওয়ার পর আবার এসে থামল রাস্তার মাঝ বরাবর।”

গাড়িটির সামনের অংশ ভেঙে গেছে। সামনে পেছনের কাচও চুরমার। সড়ক বিভাজকের বড় একটি জায়গাজুড়ে লোহার রডের বেড়াও ভেঙে গেছে।

Image

প্রাইভেট কারটি সড়ক বিভাজকেও ধাক্কা দিয়েছিল।

দু্র্ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজেকে সোহান নামে পরিচয় দিয়ে এক যুবক বলেন, দুর্ঘটনার শিকার ওই গাড়িতে তার এলাকার এক বড় ভাই ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন।

এসময় গাড়ির এক তরুণ অন্যদের ফেলে চলে যেতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। ওই তরুণকে নিয়ে জনতাও ক্ষিপ্ত হয়ে ওঠে।

বিষয়টিতে পুলিশের পদক্ষেপ নিয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে একটি দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

ওই গাড়ির আরোহীদের নিয়ে জনতার ক্ষোভের বিষয়ে তিনি বলেন, “প্রাইভেট কারের ভেতরে যারা ছিল, তাদেরসহ ক্ষতিগ্রস্ত গাড়িটি থানায় আনার পর তাদের সাথে কথা বলে সব জানা যাবে। এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Image

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি।

গত ১২ অগাস্ট রাতে ওই জায়গায় একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে একটি রিকশা ও মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে রিকশারোহী সবজী ব্যবসায়ী হেমায়েত হোসেন (৬০) প্রাণ হারান। আহত হন রিকশাচালক মিজানুর রহমান এবং অজ্ঞাত মোটরসাইকেল চালক।

সেই ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ প্রাইভেটকারটি জব্দ করে নিবন্ধনের সূত্র ধরে নিশ্চিত হয়, গাড়িটির মালিকের নাম আব্দুস সবুর নামে এক ব্যক্তি।

ওই ঘটনায় একটি মামলা হওয়ার পর চালককে চিহ্নিত করলেও তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।