২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির পর যেভাবে ভেঙেচুরে বিক্রি হল ডিএসসিসির ট্রাকটি

৬০ হাজার দিয়ে ট্রাকটি চুরি করিয়েছিলেন এক ভাঙ্গারি ব্যবসায়ী। এরপর তিনি তা স্টিল মিলে বিক্রি করেন পৌনে ৪ লাখ টাকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 10:35 PM

Updated : 29 Aug 2022, 10:44 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চুরি হওয়া ময়লার ট্রাক মাত্র ছয় ঘণ্টার মধ্যে কেটে টুকরো করে ৩ লাখ ৮৫ হাজার টাকায় নারায়ণগঞ্জে স্টিল মিলে বিক্রি করে দেন এক ভাঙ্গারি ব্যবসায়ী।

আর টায়ারসহ অন্যান্য জিনিসপত্র আলাদাভাবে বেচা হয় বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশকে জানিয়েছে ওই ব্যবসায়ীর সহকারী আলমগীর হোসেন।

আলমগীরের বরাতে গোয়েন্দা পুলিশ বলছে, ট্রাকটি যারা চুরি করে আনে, তাদেরকে ৬০ হাজার টাকা দেন ওই ভাঙ্গারি ব্যবসায়ী।

গত ১২ অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে ডিএসসিরি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ময়লাবাহী ওই ডাম্প ট্রাক চুরি হয়। এই ঘটনায় ট্রাকের চালককে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হলে চালক মো. পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর ডিএসসিসির মাতুয়াইলের বর্জ্য ব্যবস্থাপনা প্রধান নূরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “ডাম্প ট্রাকটিতে বর্জ্য নিয়ে চালক ১২ অগাস্ট সন্ধ্যা ৭টার দিকে মাতুয়াইলে আসেন। এরপর বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত ৮টার দিকে ফের ডিউটিতে এসে দেখেন- গাড়ি নেই।”

ট্রাকটি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমীর ও ইমন নামে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চুরিকালে আমীর ট্রাকটি চালান আর ইমন সহকারীর ভূমিকায় ছিলেন জানিয়ে গোয়েন্দা ‍পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা আদালতে দেওয়া জবানবন্দিতে পুরো ঘটনা কথা স্বীকার করেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ওয়ারী বিভাগ) অতিরিক্ত উপ কমিশনার আজহারুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় আরেকজন রয়েছে। সে মূলত একজন বড়মাপের ভাঙ্গারি ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Image

ভাঙ্গারী ব্যবসায়ীর সহকারী আলমগীর হোসেন, ট্রাকটি নিয়ে চম্পট দেওয়া আমীর ও তার সহায়তাকারী ইমন

“ময়লার ট্রাক চুরির বিষয়টির রহস্য উদঘাটন করেছি। আসামি গ্রেপ্তারও হয়েছে। তবে ট্রাকটি উদ্ধার করা সম্ভব না হলেও তার টুকরা অংশগুলো আমরা পেয়েছি।”

গোয়েন্দা কর্মকর্তা মুকুল বলেন, “ট্রাকটি নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগড়াপাড়া এলাকায় একটি নির্ধারিত জায়গায় নিয়ে ছয় থেকে সাত ঘণ্টার মধ্যে কেটে টুকরা করে ভাঙ্গারিতে পরিণত করা হয়।”

পরে এই ট্রাকের ভাঙ্গারি মালামালের ওজন সাত টনে দাঁড়ায় বলে জানান এই কর্মকর্তা।

“মূল যে ভাঙ্গারি ব্যবসায়ী তিনি নিয়মিত যে স্টিল মিলে ভাঙ্গারি সরবরাহ করেন; সেই মিলের সাথে যোগাযোগ করে প্রতি টন ৫৫ হাজার টাকা দরে সাত টন ওজনের ট্রাকের ভাঙ্গারি অংশগুলো বিক্রি করে দেন,” বলেন উপ কমিশনার মুকুল।

ভাঙ্গারি মালামাল ১৪ ও ১৫ অগাস্ট বিক্রি করা হলেও ওই স্টিল মিলে ১৮ তারিখে গিয়ে ট্রাকের কিছু অংশ পাওয়া যায় উল্লেখ করে গোয়েন্দা কর্মকর্তা মুকুল জানান, “এই স্টিল মিলে ২৪ ঘণ্টায় প্রায় ২৫ টন ভাঙ্গারি গলিয়ে লোহা বানানো হয়। কিন্তু অনেক মালামাল থাকায় ট্রাকের এসব মালামাল গলানো যায়নি।

“মূল যে ভাঙ্গারি ব্যবসায়ী, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে পাওয়া গেলেই এই ট্রাক চুরি থেকে ভাঙ্গারিতে পরিণত করা পর্যন্ত আরও অনেক তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

আরওপড়ুন

পুরনো খবর:

ডিএসসিসির চুরি হওয়া ময়লার ট্রাকের অংশ বিশেষ মিলল এক স্টিল মিলে
ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি চুরি, চালকের বিরুদ্ধে মামলা