ডিএসসিসির চুরি হওয়া ময়লার ট্রাকের অংশ বিশেষ মিলল এক স্টিল মিলে
অভিযানে থাকা ডিবির একজন কর্মকর্তা বলেছেন, ট্রাকটি চুরির পর তা কেটে ফেলে চোররা।
চুরির পাঁচ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চুরি হওয়া ময়লার ট্রাকের ইঞ্জিনসহ কিছু অংশ খুঁজে পাওয়া গেছে।
মেঘনা সেতুর কাছে একটি স্টিল মিল থেকে বুধবার রাতে এসব জিনিস উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিউল্লাহ।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুরি যাওয়া ট্রাকটির অংশ বিশেষ পাওয়া গেছে এমন খবর পুলিশ আমাদের জানিয়েছে। তারা বলেছে, ট্রাকটি অক্ষত নয়। বিস্তারিত তথ্য আপনারা পুলিশের কাছে পাবেন।”
জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা ট্রাকটির কিছু অংশ উদ্ধার করেছি। এখনও অভিযান চলছে। অভিযান শেষ হলে আমরা সাংবাদিকদের জানাব।”
অভিযানে থাকা ডিবির একজন কর্মকর্তা বলেছেন, ট্রাকটি চুরির পর তা কেটে ফেলে চোররা।
গত শুক্রবার যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে ডিএসসিরি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ওই ডাম্প ট্রাক চুরি হয়। এই ঘটনায় ট্রাকের চালককে আসামি করে সিটি করপোরেশনের এক কর্মকর্তা মামলা করেন যাত্রাবাড়ী থানায়। মামলার আসামি চালক মো. পলাশ পুলিশের হেফাজতে আছেন।
মাতুয়াইলের বর্জ্য ব্যবস্থাপনা প্রধান নূরুজ্জামান তখন বলেছিলেন, “ডাম্প ট্রাকটিতে বর্জ্য নিয়ে চালক শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাতুয়াইলে আসেন। এরপর বর্জ্য নামিয়ে বাসায় চলে যান। রাত ৮টার দিকে ফের ডিউটিতে এসে দেখেন গাড়ি নেই।”
দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের বর্জ্য মাতুয়াইলে রাখা হয়। সেখানকার নিরাপত্তায় সবসময় আনসার সদস্যরা থাকেন। সিসি ক্যামেরা দিয়ে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়। তার মধ্যেই এই চুরি হল।
নুরুজ্জামান বলেছিলেন, “পরে আমাদের লোকজন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেছে, রাত পৌনে ৮টার দিকে গাড়িটি মাতুয়াইল ল্যান্ডফিল থেকে বেরিয়ে যাচ্ছে। চালকের মুখ বোঝা যাচ্ছে না।”
মামলার আসামি পলাশ সিটি করপোরেশনের স্থায়ী চালক।
