নাশকতার পুরনো মামলায় জামায়াত নেতাসহ ১০ জনের সাজা
ঢাকার পল্টন এলাকায় ২০১২ সালে মিছিলের সময় পুলিশের ওপর আক্রমণ চালানোর অভিযোগ রয়েছে মামলায়।
বছর দশেক আগে ঢাকার পল্টন থানায় করা নাশকতার এক মামলায় জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদসহ ১০ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলায় খালাস পেয়েছেন ৪৫ জন।
সাজা পাওয়া অন্য আসামিরা হলেন- যুবদলের সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মো. এরশাদুল, হুমায়ূন কবীর রওশন, জোনাইদ, মো. দুলাল হোসেন, আব্দুল কাদের খন্দকার, খন্দকার এনামুল হক এনাম ও মিজানুর রহমান টিপু।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচারে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৫ জনকে খালাস দেওয়া হয়েছে।
তিনি জানান, ২০১২ সালের ১ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল বের করে জনজীবন, যান চলাচলে বাধা তৈরি করে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর আক্রমণ চালান তারা। এতে চার পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করেছিল পুলিশ।
