ঢাকায় গাড়িতে তুলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।
ঢাকায় একটি প্রাইভেটকারে তুলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার ওই তরুণী উত্তরায় ধর্ষণের শিকার হয়েছিলেন বলে তিনি থানায় অভিযোগ করলে সোমবার ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকরা হলেন হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২)।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটির দিনে ওই তরুণী গত ২৫ ডিসেম্বর উত্তরা ৭ নম্বর সেক্টর প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন। তখন এলাকার চার বখাটে তাদের বাসায় আটকে রাখে।
তিনি বলেন, “এক পর্যায়ে ওই চারজনের চাপে ওই বাসার দারোয়ান তরুণী ও তার প্রেমিককে বের করে দেয়। তাদেরকে তখন ওই চারজন একটি প্রাইভেটকারে তুলে কিছু দূর গিয়ে টাকা আনার জন্য চাপ দিয়ে প্রেমিককে নামিয়ে দেয়। এরপর ওই তরুণীকে নিয়ে দিয়াবাড়িসহ আশেপাশের এলাকায় ঘোরাঘুরি করে এবং গাড়ির মধ্যে চারজন মিলে ধর্ষণ করে।”
এই ঘটনায় তরুণীর মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে জানিয়ে ওসি মহসিন বলেন, সোমবার রাতে তাদের গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এই ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
