২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

“এরা মিয়ানমারের মোবাইল ব্যবহার করে, এতে ক্রিমিনালদের শনাক্ত করতে পারছি না,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:03 PM

Updated : 28 Aug 2022, 08:03 PM

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজনে ক্যাম্পের ভেতরে ও বাইরে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

রোববার সচিবালয়ে 'বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির পঞ্চম সভা' শেষে তিনি এ কথা জানান। সভায় আরও কিছু সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে মাঝেমধ্যেই সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করছি। বিনা কারণে রক্তপাতও দেখছি। মাঝে মধ্যে মিয়ানমার থেকে মাদকের আনাগোনাও লক্ষ্য করছি। এটার জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের লক্ষ্যে তথ্যভিত্তিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেসব অভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার তো আছেই; যদি প্রয়োজন হয় সেখানে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হবেন। ওখানে এপিবিএন কাজ করছে।

Image
ফাইল ছবি

“প্রয়োজনে ও বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার, পুলিশ, এপিবিএন- যৌথভাবে ক্যাম্পের ভেতরে ও বাইরে অভিযান পরিচালনা করবে।”

রোহিঙ্গারা দীর্ঘদিন অবস্থান করার কারণে একটি ‘অস্বস্তিকর পরিস্থিতি’ তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “বারবার প্রচেষ্টার পরেও তাদের দেশে যাওয়ার যে প্রক্রিয়াটা তাদের অনীহার কারণে শুরু করতে পারিনি।”

আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারের মোবাইল সিম ব্যবহার করায় অপরাধী শনাক্তে বেগ পেতে হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান বলেন, “অস্ত্র দ্বারা তারা রক্তপাত করছে, এটা অস্বীকার করার কিছু নেই। এগুলো কোথা থেকে আসে, কীভাবে আসে এ নিয়ে তথ্য প্রকাশ করব শিগগির।

“এরা মিয়ানমারের মোবাইল ব্যবহার করে, এতে ক্রিমিনালদের শনাক্ত করতে পারছি না। আমরা যেটা চাচ্ছি, তারা যেন আমাদের দেশি মোবাইল ব্যবহার করে। আমরা যেভাবে মোবাইল নিয়ন্ত্রণ করি, সেভাবেই করবে। একটি এসওপি করবে।”

ক্যাম্পের ভেতরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি আরও অগ্নি নিরাপত্তার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কামাল বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে নিরাপত্তা বেষ্টনী স্থাপন প্রায় শেষ দিকে। টহল রাস্তাও কিছুটা বাকি আছে, শেষের দিকে। ওয়াচ টাওয়ার সেখানে হবে। তারা যেন সার্বক্ষণিক নজরদারিতে থাকে, সে ব্যবস্থা করা হচ্ছে।”

ক্যাম্পের ভেতরে জন্মনিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, ইসলামি ফাউন্ডেশন এ নিয়ে কাজ করছে। আর ঘরে ঘরে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন এবং সচেতন করছেন। মসজিদের ইমাম ও এনজিওরাও এ বিষয়ে উপদেশ দিচ্ছেন।”

নাফ নদী মাদক আনা-নেওয়ার রুট হওয়ায় সেখানকার মাছ ধরার ট্রলারের নিবন্ধন বাধ্যতামূলক করতে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

“ক্যাম্পের ভেতরে এবং বাইরে মাদক চোরাচালান বন্ধে অভিযান যেটা ছিল, সেটা আরও জোরদার করা হবে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের ‘বড় সংখ্যক‘কে আশ্রয় দেওয়ার যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। এ রকম যদি কেউ আগ্রহ প্রকাশ করেন, তাদের আমরা বলব অধিক সংখ্যক নেওয়ার জন্য। অধিক সংখ্যক নিয়ে এ সমস্যা যাতে দ্রুত শেষ হয়, সেটাই ভালো।”

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির বিষয়ে তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে ডে ওয়ান থেকেই আলোচনা চালিয়ে যাচ্ছি। তখনকার সরকারপ্রধান অং সান সুচির সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে আলোচনা করেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও করেছেন।

“যাতে এগুলো দ্রুত শেষ হয় তা নিয়ে সব ভাবেই আলোচনার টেবিলে যাচ্ছি, প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি, এ সমস্যা আমরা শেষ করতে পারব।”