গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
মাইক্রোবাস চালক কুদ্দুসকে আটক করেছে পুলিশ।
ঢাকার গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত গাজীপুরের সাবেক ছাত্রলীগ নেতা শান্ত সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম।
শান্ত সুমন গাজীপুর মহানগর ছাত্রলীগে একসময় সহসম্পাদকের দায়িত্ব সামলেছেন।
সুমন সর্বশেষ গাজীপুরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অভিনেত্রী মাহিয়া মাহীর স্বামী রকিব সরকারের অনুসারী।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মাহি-রকিব দম্পতির সঙ্গে নৈশভোজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শান্ত। সেসময় গুলশানে তার মোটরসাইকেলে ধাক্কা দেয় বেসরকারি একটি টিভি চ্যানেলের মাইক্রোবাস।
তখন আশপাশের লোকজন সুমনকে গুরুতর আহত অবস্থায় সাহাবউদ্দিন মেডিকেলে নেয়।
দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসের চালক কুদ্দুসকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুল।
