তারেক রহমানের সাবেক এপিএসের বিচার শুরুর আদেশ
মিয়া নূরুদ্দীন আহমেদ অপু একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন।
সম্পদের হিসাব না দেওয়ায় তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী মিয়া নূরুদ্দীন আহমেদ অপুর বিচার শুরুর আদেশ হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের এই মামলায় রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন।
অপুর উপস্থিতিতেই হয় এই মামলার অভিযোগ গঠন। তাকে কারাগার থেকে আদালতে আনা হয়।
একাদশ সংসদ নির্বাচনের আগে গ্রেপ্তার হয়ে এখনও কারাগারে রয়েছেন অপু। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও দেশকে অস্থিতিশীল করতে টাকা ছড়ানোর অভিযোগে তাকে তখন গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলা ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে বিচার শুরুর পর্যায়ে রয়েছে।
গ্রেপ্তারের পর অপুর সম্পদের হিসাব চেয়ে ২০২০ সালের ১ জানুয়ারি চিঠি দিয়েছিল দুদক। তার আইনজীবী তখন ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দেয়।
কিন্তু সেই সময়ের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলা করেন অপুর বিরুদ্ধে। তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
সেই অভিযোগপত্র আমলে নিয়ে রোববার ঢাকার জজ আদালতে অভিযোগ গঠনের চূড়ান্ত শুনানি হয়।
অপু নিজেকে নিরাপরাধ দাবি করেন, তার পক্ষে শুনানি করেন আইনজীবী নূর আলম। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর ফাতেমা খানম নীলা আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরুর দিনও ঠিক করে দেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি অপু এক সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেকের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তিনি ২০১৮ সালের নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।
ওই নির্বাচনের চার দিন আগে ঢাকার মতিঝিলে ইউনাইটেড এন্টারপ্রাইজ ও ইউনাইটেড করপোরেশনে অভিযান চালিয়ে ওই কোম্পানির এমডি এ এম আলী হায়দারকে গ্রেপ্তার করে র্যাব। ওই প্রতিষ্ঠান থেকে ৩ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়।
পরে হায়দারের দেওয়া তথ্য অনুযায়ী পল্টনের হাউজ বিল্ডিং রোডের বায়তুল খায়ের টাওয়ারের সিটি মানি এক্সচেঞ্জ থেকে আরও ৫ কোটি টাকা জব্দ করা হয়।
এছাড়া গুলশানে অপুর ব্যবসায়িক প্রতিষ্ঠান আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড থেকে ৪ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকাসহ জয়নাল আবেদীন এবং আলমগীর হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
সে সময় র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, হায়দারের মামা ইউনাইটেড এন্টারপ্রাইজের চেয়ারম্যান মাহমুদুল হাসান শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অপুর ঘনিষ্ঠ বন্ধু। নির্বাচনে প্রভাব খাটানোর জন্য বিদেশ থেকে দেড়শ কোটি টাকা হুন্ডির মাধ্যমে আনা হয়, তার মধ্যে সাড়ে ৩ কোটি টাকা অপুর কাছে পাঠানো হয়।
এরপর ২০১৯ সালের ৪ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে অপুকে গ্রেপ্তার করে র্যাব।
