শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর ফোন
কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর 'বাংলাদেশ কন্টিনজেন্ট'র ভূমিকার প্রশংসা করেছেন শেখ আহমদ নওয়াফ আল আহমদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমদ আল-সাবাহ।
বুধবার বিকালে তিনি ফোন করে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এতে বলা হয়, তারা দুই দেশের বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
দুদেশের সম্পর্ক আরও গভীর ও নতুন উচ্চতায় নিয়ে যেতে জুলাইয়ে ব্যাংককে অনুষ্ঠেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সাধারণ পরিষদের বৈঠকে একসঙ্গে কাজ করতে সম্মত হন তারা।
প্রেস সচিব জানান, ফোন করার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেশটির ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
এ সময় কুয়েতে কর্মরত প্রবাসী এবং দেশটির সেনাবাহিনীতে 'বাংলাদেশ কন্টিনজেন্ট' দীর্ঘস্থায়ী অংশীদারত্ব বহন করছে বলে উল্লেখ করেন সরকার প্রধান।
শেখ আহমদ নওয়াফও আনন্দের সঙ্গে তার দেশের প্রতিরক্ষা বাহিনী পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিবেদিত ও পরিশ্রমী ভূমিকার প্রশংসা করেন।
পরে তারা একে অন্যকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শসহ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা।
পরস্পরের সুস্থ জীবন, দুই দেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করে দুই সরকার প্রধানের আলোচনা শেষ হয়।
