মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপন যন্ত্র সচল রাখার নির্দেশ
সব মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র সচল রাখতে হবে এবং পর্যাপ্ত ওয়াটার, ফায়ারহাইড্রেন্ট স্থাপনের ব্যবস্থা নিতে হবে।
দেশের সব পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় সব বিপণিবিতানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র সচল রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সেই সঙ্গে পর্যাপ্ত পানি ও ফায়ারহাইড্রেন্ট স্থাপন করতে বলা হয়েছে।
মার্কেটে রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ থাকলে সেগুলোও সরিয়ে ফেলার এবং ‘স্মোক ডিটেক্টর’ বসানোর নির্দেশ এসেছে।
রোজায় একের পর এক আগুনের ঘটনায় এসব নির্দেশনা দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হেমায়েত আকবর টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনাগুলো পর্যালোচনা এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সমসাময়িক বিষয়ে গত ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি সভা হয়। ওই সভায় এসব সিদ্ধান্ত হয়।
সেদিনই স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শামছুল ইসলামের স্বাক্ষরে সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার মার্কেটগুলোর ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে দিনে ও রাতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিশ্চিত করতে হবে।
যেসব মার্কেটে সিসি ক্যামেরা আছে, তা সচল রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। যেসব মার্কেটে ক্যামেরা নেই, সেগুলোতে তা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিসি ক্যামেরার তথ্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনে ‘শেয়ার’ করতে হবে।
চিঠিতে বলা হয়েছে, “যেসব মার্কেটে জায়গা অপ্রতুল, কিন্তু লোকসমাগম বেশি হয়, সেসব মার্কেটে অগ্নিপ্রতিরোধে স্মোক ডিটেকটর লাগানোর উদ্যোগ নিতে হবে।”
মার্কেটগুলোতে বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সেবার সংযোগ সঠিক ও নিরাপদ আছে কি না, তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সার্টিফিকেশন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, যেসব মার্কেটের দোকান ও গোডাউনে রাসায়নিক দ্রব্য ও দাহ্য পদার্থ রয়েছে অথবা রাসায়নিক দ্রব্যের কারখানা রয়েছে সেগুলো দ্রুত অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা নিতে হবে।
“সব মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপন যন্ত্র সচল রাখতে হবে এবং পর্যাপ্ত ওয়াটার, ফায়ারহাইড্রেন্ট স্থাপনের ব্যবস্থা নিতে হবে।”
মার্কেটগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের চলাচল নিশ্চিত রাখতে বলা হয়েছে। যেসব মার্কেটে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আছে, তা যেন পর্যাপ্ত, কার্যকর ও সচল থাকে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ।
এসব নির্দেশনা বাস্তবায়নে নেওয়া সুনির্দিষ্ট পদক্ষেপ ও কার্যপদ্ধতি দ্রুত স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হবে।
গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। ১৫ এপ্রিল ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লেগেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া ১৩ এপ্রিল নবাবপুরে একটি গুদামে, ১৮ এপ্রিল ওয়ারীতে, ১৭ এপ্রিল বায়তুল মোকাররমে স্বর্ণের দোকানে, ১৭ এপ্রিল উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে।
