১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পুরোনো ড্যাশ-৮ কিনে ‘অর্থ অপচয়’, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি

উড়োজাহাজ দুটি কেনার সিদ্ধান্তে জড়িত বিমানের তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 10:58 PM

Updated : 10 Nov 2026, 10:58 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কেনা এবং পরে সেগুলো পরিচালনায় সরকারি অর্থের অপচয় হয়েছে অভিযোগ তুলে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংসদীয় কমিটি।

একইসঙ্গে উড়োজাহাজ দুটি কেনার সিদ্ধান্তে জড়িত বিমানের তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

এদিন সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়া হয়। পরে সেগুলো পরিচালনাসহ সংশ্লিষ্ট কাজে সরকারি অর্থের অপচয় হয়।

এ ঘটনায় কারা দায়ী, তা নির্ধারণ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলেছে কমিটি।

মঙ্গলবারের বৈঠকে বিমানের আগের বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, অডিট আপত্তি, রাজস্ব আদায়ে অনিয়ম, যাত্রীসেবা ব্যবস্থার দুর্বলতা এবং লোকসানি রুট পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

বিমানের ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতায় বিপুল রাজস্ব ক্ষতির তথ্য অডিটে উঠে আসার কথা বলছে সংসদীয় কমিটি।

অডিটের তথ্যের বরাতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করার জন্য অর্থ নেওয়া হলেও সেই টাকা বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি ঠেকাতে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানের পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি নিরীক্ষা শুরু করেছে।

এ জন্য গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য নিরীক্ষকদের সরবরাহ করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কমিটি।

যথাযথ বাণিজ্যিক সম্ভাবনা যাচাই না করেই বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও অডিটে উঠে আসার কথা বলছে সংসদীয় কমিটি। পরিচালনা পর্ষদের এসব সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে বিমান আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জমা দিতে বলা হয়েছে।

বিমানের প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে করা চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। চুক্তি অনুযায়ী পুরো কাজ সম্পন্ন না হলেও প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করার বিষয়টি পর্যালোচনা করেছে কমিটি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া লিজে নেওয়া দুটি উড়োজাহাজের ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথি নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব নথি আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দিতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নথি উপস্থাপনের অঙ্গীকার করেছে।

অপরদিকে কোভিড মহামারীর সময় ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ অভিযোগ নিয়ে অডিট আপত্তি রয়েছে।

বিষয়টি তদন্ত করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

১১১ অডিট আপত্তিতে রয়েছে ৭৫৩ কোটি টাকা

১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি অনিষ্পন্ন অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা রয়েছে বলে বৈঠকে তুলে ধরা হয়। এর মধ্যে অর্থ আদায় সংক্রান্ত ৪৫টি অডিট আপত্তির আটটির বিপরীতে টাকা আদায়ের দাবি করেছিল বিমান কর্তৃপক্ষ। কিন্তু ওই অর্থ আদায়ের পক্ষে বৈধ ব্যাংক বিবরণী উপস্থাপন করতে পারেনি সংস্থাটি। এ কারণে অডিট বিভাগ ওই আটটি আপত্তি নিষ্পত্তির দাবি গ্রহণ করেনি।

এ ছাড়া অনাদায়ী অর্থের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। এসব অডিট আপত্তি নিষ্পত্তি, বকেয়া অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের সঙ্গে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনাও জমা দিতে হবে।

বৈঠকে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব আদায় এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিমানকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি।

বৈঠকে অংশ নেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন।

বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।