Published : 17 Jul 2023, 09:45 AM
গত কয়েকটি নির্বাচনের মত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে নজর রাখছে নির্বাচন কমিশন। তবে কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছাড়া আর কোনো জটিলতা দেখা যায়নি ভোটের সকালে।
সোমবার সকাল ৮টায় এ আসনের ১২৪টি কেন্দ্রে ভোট শুরু হয়েছে। সোয়া তিন লাখ ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে ভোটের আগে, ভোরে।
সকালে ক্যান্টনমেন্ট এলাকার শিশু মঙ্গল কেন্দ্রে ভোট শুরুর সময়ে কিছুক্ষণের জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কয়েকজনকে ছাতা মাথায় দিয়ে আসতেও দেখা গেছে।
এ কেন্দ্রে ৮টা ২০ মিনিটে ভোট দেন মনোয়ার হোসেন। তিনি বলেন, “হালকা বৃষ্টি হচ্ছে, আর সকাল সকাল কমই থাকে ভোটার।”
আধা ঘণ্টা মধ্যে সেই বৃষ্টিও কেটে গেলে ভ্যাপসা গরম অনুভূত হয়। দিনে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভোটারদের দুর্ভোগে ফেলার মত বর্ষণের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে একটু বৃষ্টি হয়েছে। হয়ত কিছু সময়ের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ঢাকায়। বৃষ্টি বাড়ার শঙ্কা নেই।“
এদিকে সকাল ৮টা থেকেই আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটরিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে বসে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা এবং মো. আনিছুর রহমান।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাতও রয়েছেন ইসির নিয়ন্ত্রণ কক্ষে।
ঢাকা-১৭ উপ নির্বাচনের পাশাপাশি যশোরের বেনাপোল ও পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার নির্বাচন সিসি ক্যামেরায় দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরীফুল আলম জানান, মোট ৮৫৩টি ক্যামেরার মাধ্যমে এ আসনের ১২৪টি কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া ১১৯টি ক্যামেরার মাধ্যমে বেনাপোলের ১২টি কেন্দ্রে এবং ৮৬টি ক্যামেরার মাধ্যমে ভাণ্ডারিয়ার নয়টি কেন্দ্রে নজর রাখা হচ্ছে।
নির্বাচন ভবনে ২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একসঙ্গে ১০৫৮টি সিসি ক্যামেরায় উপ নির্বাচন ও পৌর নির্বাচন পর্যবেক্ষণ করছেন ইসি কর্মকর্তারা।
সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো ধরনের গোলযোগ ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান।
ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি।
ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে তুলনামুলক ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা এবং ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৭ আসন।
এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
১২৪টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ৬০৫টি।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম হিরো আলম (একতারা) এবং মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক)।
আরও পড়ুন
পুরানো খবর:
ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে ভোট শুরু