ফের মিলল এইডিস লার্ভা, উত্তরায় বন্ধ ২ ভবনের নির্মাণ কাজ
ফের কাজ শুরু করতে ভবনে লার্ভা জন্মাতে দেওয়া হবে না- এমন অঙ্গীকারনামা রাজউক ও রিহ্যাব থেকে আনতে হবে নির্মাণকারীকে।
দ্বিতীয়বারের মত ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পাওয়ায় উত্তরায় দুটি নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শনিবার উত্তরার ১১ নম্বর সেক্টরে ‘দশটায় দশ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা বাড়ি করি পরিষ্কার' শিরোনামে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
পরে ওই সেক্টরে কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন মেয়র, যার মধ্যে দুটি ভবনে এইডিস মশার লার্ভা দেখতে পান তিনি।
এসময় ডিএনসিসির অঞ্চল ৬ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই দুটি ভবনকে ছয় লাখ টাকা জরিমানা করেন এবং নির্মাণকাজ বন্ধ করে দেন।
সাজিয়া আফরিন বলেন, এই ভবনে আগেও এইডিস মশার লার্ভা পাওয়ায় সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। অঙ্গীকারনামা দিলে তারা আবার কাজ করতে পারবেন।
“ভবিষ্যতে এই ভবনে লার্ভা জন্মাতে দেওয়া হবে না- এমন অঙ্গীকারনামা আনতে হবে রাজউক ও রিহ্যাব থেকে। অঙ্গীকারনামা জমা না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে।”
মেয়র বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ডিএনসিসির নানা কর্মসূচি চালাচ্ছে। বারবার সাবধান করা হচ্ছে না।
“আগেও কয়েকবার এই নির্মাণাধীন ভবনকে সাবধান করা হয়েছে। সাবধান করে দেওয়ার পরও তারা ব্যবস্থা নেয়নি। তার পরও দেখছি বেইজমেন্টে অসংখ্য লার্ভা। এভাবে চলতে দেওয়া যায় না।
“আমরা দুটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। লার্ভা পেলে কোনো ছাড় নয়। অভিযান চলমান থাকবে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ডেঙ্গু বিষয়ক সচেতনতা কার্যক্রমে উত্তরার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা।
