আগামী বছরও স্কুলে ভর্তি লটারিতে, প্রতিষ্ঠান প্রধানদের ‘হুঁশিয়ারি’ মাউশির
সব নির্দেশনা পর্যায়ক্রমে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২৪ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের এ ব্যাপারে চিঠি পাঠানোর কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহানগর ও জেলার সদর, উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালেও শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে।”
আগের বছরগুলোতে অনেক প্রতিষ্ঠান লটারিতে ভর্তির নির্দেশনা মানেনি জানিয়ে মাউশি বলছে, “সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (জাতীয়করণসহ) বেশিরভাগ প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও উপজেলা পর্যায়ের অনেক প্রতিষ্ঠান অংশ নেয়নি। একইভাবে সব মহানগর ও জেলার সদর, উপজেলা পর্যায়ে অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ প্রতিষ্ঠান ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়নি, যা বিধিসম্মত নয়।
“ভবিষ্যতে যেসব প্রতিষ্ঠান ডিজিটাল লটারি প্রক্রিয়ায় অংশ নেবে না, সেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।”
ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি সংক্রান্ত সব নির্দেশনা পর্যায়ক্রমে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:
