১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বেসরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে কোনোক্রমেই ৭ বছরের বেশি হওয়া যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 06:01 PM

Updated : 11 Nov 2026, 06:03 PM

প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের নিয়ম রেখে ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এ নীতিমালায় বলা হয়েছে, ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লেক্ষ্যে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) জন্য এই নীতিমালা করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাথমিক ধাপে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।প্রতি শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা হবে ৫৫ জন।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। কোভিড-১৯ মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল।

বিএনপি সরকার ক্ষমতায় এসে গেল মার্চে স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করে। সবগুলো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষার আয়োজন করা হবে বলে গত ১৬ মার্চ ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছিলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩ অক্টোবর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারি বহাল রাখার কথা বলা হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষায় বসতে হবে স্কুল পরিবর্তনে আগ্রহীদের।

এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম রেখে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করা হল।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে, তবে কোনোক্রমেই ৭ বছরের বেশি হওয়া যাবে না।

সে অনুযায়ী জন্ম তারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স নির্ধারণের জন্য শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

তবে সরাকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে প্রকাশিত নীতিমালা-২০২৭ অনুযায়ী কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারিতে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ বছর ৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ভর্তি কীভাবে

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমান সংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী।

নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করতে হবে।

পরীক্ষা কীভাবে

নীতিমালায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ৫০।

এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও ক্যাচমেন্ট এলাকা

শিক্ষা মন্ত্রণালয় ভর্তি পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত করেনি । তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা দিনে পরীক্ষা নেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সময়সূচি নির্ধারণ করতে হবে।

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি আসনে সবার আবেদন করার সুযোগ থাকবে।

তবে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এই ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না।

একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।

আবেদন ফরমের দাম ও ভর্তি ফি

প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিও-বহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়া যাবে।

সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১০০০ টাকা, জেলা সদর পৌর এলাকায় ২০০০ টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ব্যয় এবং এমপিও-বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা নিতে পারবে।

এ ছাড়া উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৩০০০ টাকার বেশি আদায় করতে পারবে না।

একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে পুনঃভর্তি ফি আদায় করা চলবে না বলে নীতিমালায় জানানো হয়েছে।