ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ছাত্র পরিষদের মামলার আবেদন খারিজ
একই ঘটনায় ছাত্রলীগের দুই নেতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ছাত্র পরিষদের ২৪ নেতা-কর্মী।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বার্ষিকীর সভায় হামলার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্র পরিষদের মামলা নেয়নি আদালত।
পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা মঙ্গলবার সকালে ঢাকার আদালতে মামলার আবেদন করেছিলেন; বিকালে ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন আবেদনটি খারিজ করে দেন বলে বাদী পক্ষের আইনজীবী মো. পারভেজ জানিয়েছেন।
গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ এনে ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন ইয়ামিন মোল্লা।
মামলার আরজিতে বলা হয়েছিল, আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়।
আসামির তালিকায় যাদের নাম ছিল, তারা হলেন- মাহবুব খান, আমিনুর রহমান, মো. নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৈকত, রনি মুহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন সরকার, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহীম ও আরিফ শাহরিয়ার। অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকেও আসামি হিসেবে রাখা হয়েছিল।
এদিকে একই ঘটনায় গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা শাহবাগ থানায় মামলা করেন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মী কারাগারে রয়েছেন।
দুই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইছে পুলিশ। আগামী ২০ অক্টোবর আদালতে সেই আবেদনের শুনানি হবে।
