১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বাড়ি সবারই আছে শুনি, তবে প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

“দেশের আইন মেনে যদি তারা করতে পারেন, সেখানে আমাদের কিছু বলার নেই,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 02:02 PM

Updated : 21 Oct 2023, 02:02 PM

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সব পেশাজীবীদের বাড়ি থাকার বিষয়ে কথা শুনলেও কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি এও বলেছেন, আইন মেনে যুক্তরাষ্ট্রে কোনো বাংলাদেশি বাড়ি করলে বলার কিছু থাকতে পারে না।

বিদেশে বাড়ি করার অর্থের উৎস নিয়ে এক প্রশ্নে তিনি বলেছেন, তারা সেই দেশের সরকারকে জানাবেন, তবে অর্থ বাংলাদেশ থেকে অর্থ নিয়ে গেলে বাংলাদেশ সরকার দেখবে।

সোমবার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্রে অনেক পুলিশ কর্মকর্তার বাড়ি আছে বলে গুঞ্জন প্রশ্নে তিনি বলেন, “আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি, আমাদের কাছে প্রমাণ আসেনি।

“আমরা তো শুনি সবারই আছে। অনেকের আছে, ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশের শুনতেছি থাকতে পারে, সবারই আছে।

“যুক্তরাষ্ট্র তো অনেকের কাছে যাওয়ার জায়গা, বাসস্থানের জায়গা। সেজন্য অনেকে হয়ত গিয়েছেন, বাড়ি করেছেন। তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন। সেখানে আমাদের কিছু বলার নেই।”

যারা বাড়ি করেছেন, তাদের অর্থের উৎস কী- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সে বিষয়ে তারা জবাব দেবেন, সরকার জবাব দেবে না। তারা সেই দেশের সরকারকে জানান দেবেন। আমাদের দেশ থেকে যদি (অর্থ) নিয়ে যায় আমরা সেটা দেখব।”

খালেদাকে বিদেশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পাল্টানোর সুযোগ নেই

অন্য এক প্রশ্নে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “আইন মন্ত্রণালয় জানিয়েছে। এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি। উনারা (খালেদা জিয়ার পরিবার) যদি সিদ্ধান্ত জানতে চান- আমরা অবশ্যই জানিয়ে দেব।

“তবে এরইমধ্যে উনি জেনে গেছেন। তাদের কোনো কিছু জানার থাকলে- কথা বলতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা- সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই।”

বেগম খালেদা জিয়াকে সরাসরি বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে রোববার মতামত দেয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রী আনিসুল হক জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা ব্যবহার করে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করেছে সরকার। এই ধারায় থাকা শর্ত পরিবর্তনের সুযোগ নেই।

যদি বিএনপি নেত্রী দেশের বাইরে যেতে চান তাহলে তাকে আবার কারাগারে গিয়ে আদালতে আবেদন করতে হবে। তবে সরকার ৪০১ ধারায় সাময়িক মুক্তির আদেশ বাতিল করবে না। কারণ সরকারের দৃষ্টিতে সেটি অমানবিক হবে। 

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার কোনো তালিকা পায়নি সরকার

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যেসব কথা বলা হচ্ছে তার সবই অতিরঞ্জিত মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমাদের কাছে কোনো নাম, যাদের তারা (যুক্তরাষ্ট্র) ভিসা দেবে না, সেটা আমাদের কাছে আসেনি। যেগুলো বলা হচ্ছে- সেগুলো মনে হয় সবই অতিরঞ্জিত, সত্যি ঘটনা নয় এগুলো।”

নির্বাচনকে কেন্দ্র করে ‘আন্ডারওয়ার্ল্ড’ সক্রিয় হচ্ছে কি না- জানতে চাইলে জবাব আসে, “কারা আন্ডার ওয়ার্ল্ড তৈরি করেছিল, বাংলা ভাইয়ের জন্মদাতা কারা, কারা হাত-পায়ের রগ কেটে মেধাবী ছাত্রদের হত্যা করেছিল, সেগুলো আপনারা সবাই জানেন।

“তারা যদি আবার বিশ্বাস করে সেই ধরনের ঘটনা ঘটিয়ে এদেশের সরকাকে বিব্রত করবে, তবে সেটা তাদের ভুল ধারণা। সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে, জনগণ যতক্ষণ সরকারের পক্ষে থাকবে- ততক্ষণ এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি করে কেউ সুবিধা পাবে না।”

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)