ভোট চলছে ফরিদপুরে, ঢাকায় সিসি ক্যামেরায় চোখ সিইসির
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনে প্রার্থী দুজন।
সংসদের ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ভোটগ্রহণের দৃশ্য ঢাকায় বসে সিসি ক্যামেরায় দেখছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনে উপ-নির্বাচনে শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে
ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন।
মোট ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
সম্প্রতি গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে ঢাকায় বসে সিসি ক্যামেরায় ভোটের দৃশ্য দেখেছিলেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। ব্যাপক অনিয়ম দেখে সেখানে নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন তারা।
ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন পর্যবেক্ষণে ১ হাজার ৫২ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন।
শনিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
সকাল থেকে দুই ঘণ্টার ভোটগ্রহণে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
দুপুরে সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, “অনিয়ম একেবারেই দেখছি না। খুবই শান্তিপূর্ণভাবে ফরিদপুর উপ-নির্বাচন হচ্ছে।
“যেটা আমাদের প্রত্যাশা ছিল, সিসি ক্যামেরায় দেখলাম শান্তিপূর্ণ হচ্ছে।…সিসি ক্যামেরায় একটা ইতিবাচক দিক রয়েছে। সিসি ক্যামেরায় ভোট করা নতুন একটি সংযোজন। যেটা নিয়ন্ত্রণ ও ইলেকটরাল গভার্নেন্সকে আরও বিস্তৃত করবে।”
নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু, অন্যজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এ আসন শূন্য হয়। এরপর ২৬ সেপ্টেম্বর এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
