১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অবসরপ্রাপ্ত কর্মকর্তা খুন, ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার ইফতেখার মানসিকভাবে অসুস্থ বলে পুলিশকে জানিয়েছে তার পরিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 09:27 PM

Updated : 13 Apr 2023, 09:27 PM

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ওই মরদেহ উদ্ধারের পর সন্ধ্যায় তার ছেলেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

নিহত নূর আলম (৭৪) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত উপ প্রধান রাসায়নিক কর্মকর্তা।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হক জানান, নূর আলম ছেলেকে নিয়ে শেখেরটেকের ৭ নম্বর সড়কের ২০ নম্বর বাসার দোতলায় ভাড়া থাকছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

পুলিশ কর্মকর্তা আজিজুল জানান, গত বুধবার বেলা ৩টার দিকে বাসায় ঢোকেন ইফতেখার। এরপর আর বের হননি তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই বাড়ির দারোয়ান এন্তাজ মিয়া তাদের ফ্ল্যাটে ভাড়া আনতে গেলে দারোয়ানের সঙ্গে রাগারাগি করেন ইফতেখার। একপর্যায়ে তিনি দারোয়ানকে ধরে মারতে মারতে বাসার নিচে নিয়ে এলে স্থানীয়রা এগিয়ে আসেন।

“একপর্যায়ে বাসা থেকে পালিয়ে যান ইফতেখার। তার বিরুদ্ধে পুলিশের কাছে মারধরের অভিযোগ করেন বাসার দারোয়ান। পুলিশ বেলা ৩টার দিকে ওই বাসায় ঢুকে বিছানার উপর নূর আলমের রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে পুলিশে তাকে (ইফতেখার) আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করে।”

ইফতেখার মানসিকভাবে অসুস্থ বলে তার পরিবারের কাছ থেকে জানতে পাওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার আজিজুল।