১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বদরুন্নেসা শিক্ষক রুমা ডিজিটাল আইনে অভিযুক্ত

নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সময় ‘ভুয়া’ ভিডিও ফেইসবুকে শেয়ার দেওয়ার অভিযোগ এই শিক্ষকের বিরুদ্ধে।

বদরুন্নেসা শিক্ষক রুমা ডিজিটাল আইনে অভিযুক্ত

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 06:41 PM

Updated : 08 Nov 2022, 06:41 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই শিক্ষকের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আগামী ২৩ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিনও ঠিক করে দেন বিচারক।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) শামীম আল মামুন জানান, এ দিন রুমা সরকার আদালতে হাজিরা দেন। তার পক্ষে আইনজীবী রাণা দাশগুপ্ত অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে নজরুল ইসলাম শামীম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

২০২১ সালে কুমিল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের জের ধরে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়। তাতে যতন সাহাসহ দুজনের মৃত্যু ঘটে।

রুমার বিরুদ্ধে অভিযোগ, তিনি তখন সোশাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার দিয়েছিলেন, তা নোয়াখালীর যতন সাহাকে খুনের ভিডিও হিসেবে প্রচার করা হলেও আসলে সেটি ছিল ঢাকার মিরপুরের সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পুরনো ঘটনা।

পরে র‌্যাব তাকে আটক করে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।এ মামলার তদন্ত শেষে রুমা সরকারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের এসআই জয়দেব জয়ধর।

পুরানো খবর:

গ্রেপ্তার শিক্ষক রুমা সরকার কারাগারে

পুরানো খবর:

‘ভুয়া’ ভিডিও শেয়ার দিয়ে বদরুন্নেসা শিক্ষক রুমা সরকার রিমান্ডে

পুরানো খবর:

নোয়াখালীতে পূজামণ্ডপে দফায় দফায় হামলা-ভাংচুর, ১৪৪ ধারা