ঢাকায় ৪ দিন বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ
ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় সড়ক উন্নয়ন কাজের জন্য এই রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ।
সড়ক উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিআরটি কর্তৃপক্ষ।
বুধবার গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) থেকে এ বিষয়ে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।
প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলবে।
“সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উক্ত করিডোরে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা যাচ্ছে।”
এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা চেয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিআরটি।
‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে এই উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত।
বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে আবদুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক ও ৬টি উড়ালসেতু রয়েছে।
উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট পর্যন্ত এলাকার সড়কের কাজ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাকিটা হচ্ছে সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনে।
গত ৬ নভেম্বর এই টঙ্গী থেকে হাউজবিল্ডিং পর্যন্ত উড়াল সড়কের একটি অংশ খুলে দেওয়া হয়েছে।
আগামী বছর জুনের প্রথম সপ্তাহে পুরো বিআরটি প্রকল্প চালু হবে বলে সম্প্রতি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পুরানো খবর-
