২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল-অবরোধের দেড় মাসে র‌্যাবের হাতে ধরা ৮৭৯

যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর পৌর বিএনপির সদস্য ফেরদৌস হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

হরতাল-অবরোধের দেড় মাসে র‌্যাবের হাতে ধরা ৮৭৯

বাসে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 09:28 PM

Updated : 15 Dec 2023, 09:33 PM

ভোট বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির হরতাল ও অবরোধের দেড় মাসে নাশকতার অভিযোগে ৮৭৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন র‌্যাব।

শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার মামলায় শাহজাদপুর পৌর বিএনপির সদস্য ফেরদৌস হোসেনকে গ্রেপ্তার করে এ বাহিনী।

এর বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় সংঘর্ষের জেরে বিএনপির সমাবেশ ভণ্ডুল হওয়ার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি চালিয়ে আসছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা দলটি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি।

বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতা থেকে শুরু করে পরবর্তী সময়ে হামলা, নাশকতার ঘটনায় মোট ৮৭৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সংস্থাটির ভাষ্য, সিসিটিভি ভিডিও, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।