ঢাকার নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক ছেড়ে ফুটপাতে
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী বিআরটিসির বাসটি ফুটপাতে উঠে গেলেও কেউ আহত হননি।
ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উঠে গেল ফুটপাতে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী বিআরটিসির বাসটি ফুটপাতে উঠে গেলেও কেউ আহত হননি বলে পুলিশ জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এএসআই কাজী মোখলেছুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, বিআরটিসি বাসটি বিজয় সরণি সিগনাল পার হয়ে জাহাঙ্গীর গেইটের দিকে যাচ্ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিমপাশের ফুটপাতের উপর উঠে যায়।
দুর্ঘটনার পর বাসটির যাত্রীরা নেমে যার যার পথে চলে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ট্রাফিক পুলিশ কনস্টবল মো. শফিক বলেন, বাসটির বাম পাশের সামনের ও পেছনের চাকা ফুটপাতের উপর উঠে গিয়েছিল।
বাসটির সামনে বাংলাদেশ সচিবালয়, ঢাকা সরকারি কর্মকর্তা ও কর্মচারী রুট বোর্ডবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ লেখা ছিল।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, বাসটি সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
