০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কভার্ড ভ্যানের ধাক্কা, চালকের সহকারী নিহত

হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 11:27 AM

Updated : 06 Oct 2026, 11:44 AM

যশোরের শার্শায় কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালকের সহকারি নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাভারন হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান জানিয়েছেন।

নিহত ৩০ বছর বয়সী আরিফ হোসেনের বাড়ি বগুড়ার শেরপুরে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে কভার্ড ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পখে খাজুরা মসজিদের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে কভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে চালকের সহকারী আরিফ হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেছেন, “সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেনের রক্তরক্ষণে মৃত্যু হয়েছে।”

এসআই আনিছুর রহমান বলেন, “কভার্ড ভ্যানটি হেফাজতে নিয়েছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।”