বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে বাসে আগুন
বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে; তবে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ষষ্ঠ দফায় বিএনপির অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে বাসে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বাসে আগুনের খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে; তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম।
সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধের পুরনো কর্মসূচিতে ফিরেছে বিএনপি ও সমমনা দলগুলো। দফায় দফায় এসব কর্মসূচির মধ্যে প্রতিদিনই সড়কে যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর আসছে।
