২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ককে ‘ব্যত্যয়’ করে সীমান্তে হত্যা: দিল্লিকে বলল ঢাকা

সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত হত্যা ‘বিরক্তির’ বিষয় হয়ে রয়েছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এটা আমাদের বিব্রত করে’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 11:19 PM

Updated : 05 Jan 2023, 12:01 AM

সীমান্তে বাংলাদেশিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থান জানিয়ে ভারতকে কূটনৈতিক পর্যায়ে বার্তা পাঠানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দুদেশের সম্পর্ক নিয়ে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি জানান, আগের দিন মঙ্গলবার এ কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে।

ওই বার্তায় সীমান্ত বিষয়ে দুদেশের মধ্যেকার চুক্তি, বোঝাপড়া এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘ব্যত্যয়’ বলে তুলে ধরার কথা জানান তিনি।

“আমরা ডিপ্লোম্যাটিক নোটে কেবল গতকালকেই (মঙ্গলবার) বিষয়টা তাদেরকে জানান দিয়েছি,” যোগ করেন তিনি।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে ২০১৮ সাল থেকে গত পাঁচ বছরে সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে ১৪৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

সর্বশেষ ৩১ ডিসেম্বর গভীর রাতে লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বিপুল মিয়া নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে।

এর দুদিন আগে ২৯ ডিসেম্বর হাতিবান্ধা বড়খাতা দোলাপাড়া সীমান্তে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়, যাদের বিএসএফ হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।

রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদীর শাসনকাল: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তাদের কথায় উঠে আসে সামীন্ত হত্যার বিষয়টি। তারা গত দশকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অনেক গভীর হলেও তাতে ‘কাঁটা’ হয়ে রয়েছে সীমান্ত হত্যা বলে মন্তব্য করেন।

এরপর প্রধান অতিথির বক্তব্যে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে দুদেশের সরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী শাহরিয়ার।

সম্পর্কের ক্ষেত্রে সীমান্ত হত্যা ‘বিরক্তির’ বিষয় হয়ে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ইরিট্যান্ট, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। এটা আমাদের বিব্রত করে, আমাদের সম্পর্কটাকে এই ঘটনা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে না। সেটি হল বর্ডারে হত্যা।

“এবং গত সপ্তাহে যে তিনটি প্রাণ বাংলাদেশি নাগরিকদের গেছে, আমরা কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমাদের ভাষায়, কূটনীতির ভাষায় আমরা কিন্তু ভারত সরকারকে গতকালকে (মঙ্গলবার) জানিয়েছি।”

সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে সরকার সোচ্চার থাকবে জানিয়ে তিনি বলেন, “এটা আমি আশ্বস্ত করতে চাই সকলকে, এই বিষয়ে আমরা সবসময় সোচ্চার থাকব।

“এবং কেন্দ্রীয়ভাবে আমরা যখন বৈঠকগুলো করি তখনও তাদের এটা কমাতে বা শূন্যের কোঠায় নামিয়ে আনতে তাদের স্বদিচ্ছার যে কমতি নেই, এ ব্যাপারেও আমরা কিন্তু কনভিন্সড। কিন্তু অপারেশনাল লেভেলে, গ্রাউন্ড লেভেল এ বিষয়গুলো কেন ঘটছে, এই বিষয়টা আমাদের বিশদভাবে খতিয়ে দেখতে হবে।”

সবশেষ গত নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দিল্লী সফরেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেই কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “তাদের যে যৌথ ঘোষণা, সেখানে কিন্তু তারা দুজনে সম্মত হয়েছেন, যে বর্ডারে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করা হবে, নন-লেথাল উইপনের ব্যবহার নিশ্চিত করা হবে।

“প্রশ্ন আমাদের কাছেও, কেন আমরা দেখতে পাই না যে, পায়ে বা হাতে গুলি লাগছে না, যদি গুলি করার মত পরিস্থিতি সত্যিই তৈরি হয়। আমরা আশা করব, এটা সামনের দিনে কমে আসবে।”

দুদেশের বিভিন্ন পর্যায়ে উদ্যোগের ফলে বিভিন্ন জেলার সীমান্তে বিএসএফের গুলিতে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে জানিয়ে তিনি বলেন, “এটার একটা ট্রেন্ড আমরা খেয়াল করছি, আগে যে রকম বাংলাদেশের সাথে ভারতের সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্তের প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হত, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

“২০২২, ২০২১ ও ২০২০ সালে কোনো কোনো জেলাতে একটিও সীমান্তে হত্যা হয়নি বিএসএফের দ্বারা। কিন্তু লালমনিরহাটের ক্ষেত্রে আমরা একটু ব্যত্যয় দেখছি এবং বোঝার চেষ্টা করছি। আমরা আরেকটু গভীরে গিয়ে ভারতের সাথে সামনের দিনে আশা করি আলোচনা করব।”

দুদেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করতে চায়, এমন শক্তিকে পেছনে ঠেলে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “আমাদের সম্পর্কের পরিপক্কতা এই সমস্যাগুলোকে সমাধানে সহায়তা করবে। আমরা যদি এই সম্পর্কে বিশ্বাস রাখি এবং দুদেশের জনগণের বেশিরভাগ অংশকে যখন আশ্বস্ত করা যাবে, তখনই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

“আমরা কিন্তু সক্ষমতার জায়গায় গিয়ে ভারতকেও সহযোগিতা করার মত জায়গা আমরা খুব বেশিদিন আগে করতে পারি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সেটা হয়েছে।”

‘সূর্যবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন’ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ওমর আলী শের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সূর্যবার্তার সম্পাদক সুমি খান।

আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দিল্লীর বেনেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অয়নজিৎ সেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া, দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি।