২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মেলায় ভাষা আন্দোলনের বই এসেছে সাতটি

“গবেষণাধর্মী বইয়ের সংখ্যা জরুরি না, তবে দরকার মান সম্পন্ন বই," বলেন গবেষক মফিদুল হক।

এবার মেলায় ভাষা আন্দোলনের বই এসেছে সাতটি

বইমেলায় রোববার একটি স্টলে বই দেখছেন দর্শনার্থীরা।

পাভেল রহমান পাভেল রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 12:56 AM

Updated : 20 Feb 2023, 12:56 AM

এবারের বইমেলায় ১৯ দিনে যত বই এসেছে, সেগুলোর মধ্যে ভাষা আন্দোলন বিষয়ক বই দেখা গেল মাত্র সাতটি।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ প্রতিদিন নতুন বইয়ের যে তথ্য দেয়, সেই তালিকা বিশ্লেষণ করে ছয়টি বইয়ের তথ্য পাওয়া গেছে। এর বাইরে স্টলে খোঁজ নিয়ে নতুন আরেকটি বইয়ের তথ্য মিলেছে।

প্রকাশকরা বলছেন, গবেষণাধর্মী পাণ্ডুলিপির সংকট রয়েছে। তরুণ প্রজন্মের মাঝে ভাষা ও ভাষা আন্দোলন নিয়ে গবেষণায় আগ্রহ কম। এজন্যই এসব বইয়ের সংখ্যাও খুব বেশি নেই।

যে ছয়টি বইয়ের হদিস মিলেছে, সেগুলোর মধ্যে আছে এম আবদুল আলীমের 'ভাষা আন্দোলনে তাজউদ্দিন আহমদ' (ঝুমঝমি প্রকাশন), আখতার হোসেন মল্লিকের 'ভাষা সংগ্রাম ও বইমেলা' (জলছবি প্রকাশন), শেলী সেনগুপ্তার 'নারীর ভাষা আন্দোলন' (গ্রন্থ কুটির), আফরোজা পারভীনের দুটি বই 'ভাষা আন্দোলনে নারী' ও 'একুশের গল্প' এনেছে মিজান পাবলিশার্স এবং ফেরদৌসী বেগম বিউটির 'ভাষা আন্দোলনে লালমনির হাট' (আইডিয়া প্রকাশন)।

গোলাম কুদ্দুছের বই 'বরাক উপত্যকার ভাষা আন্দোলন' এনেছে অন্যপ্রকাশ। বাংলাদেশের ভাষা আন্দোলনের ৯ বছর পর ভারতের আসামের বরাক উপত্যকায় ভাষার জন্য জীবন দিয়েছিল বেশ কয়েকজন। সেই বিষয়টিই গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন গোলাম কুদ্দুছ।

গবেষক মফিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাষা আন্দোলন নিয়ে গবেষণার পাশাপাশি ভাষা নিয়ে নানা আঙ্গিকে গবেষণা হওয়া জরুরি। বাংলাদেশেই বিভিন্ন নৃ-গোষ্ঠীর ভাষা রয়েছে। তাদের নিয়ে বিস্তর গবেষণা করা উচিত।

“সেই সাথে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়েও আরো গবেষণা হতে পারে। এ ধরনের কাজ যেহেতু সময় সাপেক্ষ, তাই বইয়ের সংখ্যা খুব বেশি হবে না, এটা স্বাভাবিক। তাই গবেষণাধর্মী বইয়ের সংখ্যা জরুরি না, তবে দরকার মান সম্পন্ন বই।"

বাংলা একাডেমির স্টলে খোঁজ নিয়ে জানা গেল, ভাষা আন্দোলন নিয়ে আগে প্রকাশিত বেশ কয়েকটি বই এবারও বিক্রি করা হচ্ছে। বাংলা একাডেমির স্টলে রয়েছে ভাষাশহীদদের জীবনীভিত্তিক বইসহ বেশ কয়েকটি বই। 

মেলায় ঘুরে দেখা যায়, এ বিষয়ক বেশ কিছু বই আগে প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এছাড়া প্রথমা, কথা প্রকাশসহ অন্য প্রকাশনীগুলোর বেশ কিছু বই দেখা গেল মেলায়। 

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি বছর বাংলা একাডেমি এই বইমেলা আয়োজন করে একুশের চেতনাকে ধারণ করে। কিন্তু মেলায় এসে অনেক খুঁজেও ভাষা আন্দোলন নিয়ে ২১টি নতুন বই পাওয়া যায় না। এর মূলে রয়েছে গবেষণার সংকট। তরুণ গবেষকেরা যদি এদিকে আগ্রহী হন, ভিন্ন আঙ্গিকের কিছু বই আসতে পারে।"

পুরনো গবেষণার তথ্য নিয়েই অনেকে নতুন আঙ্গিকে বই প্রকাশ করে থাকেন উল্লেখ করে তিনি বলেন, “গবেষণায় নতুন তথ্য তুলে এনে বই প্রকাশ- নেই বললেই চলে। দু-একটি মৌলিক কাজ ধরেই অন্য অনেকে সেখান থেকে তথ্য নিয়ে নতুন বই প্রকাশ করছেন।”

রোববার বইমলার ১৯তম দিনে যথারীতি মেলা শুরু হয় বিকল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এ দিন নতুন বই এসেছে ৭৫টি। 

Image

বইমেলায় রোববার একটি স্টলে বই দেখছে এক শিশু।

নানা অনুষ্ঠান 

বিকাল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হয় গোবিন্দচন্দ্র দেব এবং ভাষাসংগ্রামী গাজীউল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন গাজী আজিজুর রহমান ও আমিনুর রহমান সুলতান। আলোচনায় অংশ নেন খান মাহবুব, হাসান অরিদম, শিহাব শাহরিয়ার, পাপড়ি রহমান ও রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন আবু মো. দেলোয়ার হোসেন।

এ দিন লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কামরুল হাসান, ফজলুর রহমান, জেবুন্নেসা ও শিবুকান্তি দাশ। 

সন্ধ্যায় মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করন নূরুনাহার শিরীন, সরকার মাসুদ, কাজী আসাদুজ্জামান, কাজী আনারকলি, হাসান শরীফ ও আসাদ কাজল। আবৃত্তি পরিবশন করেন আবত্তিশিল্পী রাশেদ হাসান, রপশ্রী চক্রবর্তী, দেবাশিষ রুদ্র ও ঝর্ণা পারুল। 

এছাড়া ছিল আতিকুর রহমান উজ্জ্বলের পরিচালনায় নৃত্যসংগঠন ‘নৃত্যাঙ্গন’, শামীম চৌধুরী শ্যামলের পরিচালনায় ‘আওয়ামী শিল্পীগোষ্ঠী’, মোশাররফ হাসানের পরিচালনায় ‘দৃষ্টি’, মানজার ইসলাম সুইটের পরিচালনায় ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন লাইসা আহমদ লিসা, মঞ্জু সাহা, সুমন চৌধুরী ও উত্তম কুমার রায়। যন্ত্রাণুসঙ্গে ছিলেন এনামুল হক ওমর (তবলা), ডালিম কুমার বড়ুয়া (কি-বোর্ড), মো. মনিরুজ্জামান (বাঁশি) ও নাজমুল আলম খান (মন্দিরা)। 

সোমবার যা থাকছে

বিকাল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন নুরুন্নবী শাওন। আলোচনায় অংশ নেবেন মিহির মুসাকী, বেলাল হোসেন, হাসান আল মামুন। সভাপতিত্ব করবেন লুবনা মারিয়াম।