২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলির ক্ষমতা হারাল বেতার

এখন থেকে এই ক্ষমতা থাকবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 10:15 PM

Updated : 20 Sep 2026, 10:15 PM

প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষমতা হারাল বাংলাদেশ বেতার।

এখন থেকে এ ক্ষমতা থাকবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হাতে।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

অফিস আদেশটি রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, “পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারে কর্মরত সব প্রথম শ্রেণির কর্মকর্তাদের বদলি বা পদায়ন সংক্রান্ত সব আদেশ মন্ত্রণালয় থেকে জারি করা হবে।”

এ বিষয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, “অফিস আদেশ সম্পর্কে আমরা অবহিত আছি। বিটিভিতে তো আরও অনেক বিষয়ের নিয়ন্ত্রণ মন্ত্রণালয় নিয়েছে। আমাদের এখানে শুধু বদলি বা পদায়নের ক্ষমতা নিয়েছে। আমরা তো সব প্রথম শ্রেণির কর্মকর্তাকে নিয়োগও দিতে পারতাম না।”

এ ধরনের সিদ্ধান্তের কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসকে তিনি বলেন, “এ বিষয়ে মন্ত্রণালয় কোনো কারণ উল্লেখ করেনি।”

এর আগে বিটিভিতেও জনবল ব্যবস্থাপনাসহ একাধিক বিষয়ে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হয়েছিল মন্ত্রণালয়ের চিঠিতে।

বিটিভির মহাপরিচালককে পাঠানো ওই চিঠিতে বেশ কিছু বিষয়ে ‘আবশ্যিকভাবে’ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে- সোশ্যাল মিডিয়া, অনলাইন বা যেকোনো মাধ্যমে জনসচেতনাতমূলক বার্তা বা কনটেন্ট প্রচার, জনবল ব্যবস্থাপনা, পদ সৃষ্টি, নিয়োগ, পদায়ন, বদলি, নীতিগত পরিবর্তন, বিধি সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা, প্রান্তিক অনুষ্ঠানসূচি, বার্ষিক বাজেট প্রণয়ন, ক্রয়/বিনিয়োগ, রাজস্বখাত ও উন্নয়ন খাতের প্রকল্পের আওতাধীন সম্প্রচার যন্ত্রপাতি (স্টুডিও/ প্রযুক্তিগত সরঞ্জাম, ট্রান্সমিটার, ওভি ভ্যান) ক্রয় ইত্যাদি।