১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে ইইউর ‘উদ্বেগ’

সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2023, 12:09 AM

Updated : 06 Nov 2023, 12:32 AM

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল।

রোববার এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী কর্মীকে গ্রেপ্তারে উদ্বিগ্ন।”

মাইক্রোব্লগিং সাইট এক্স এ ওই বিবৃতিতে জোসেপ বোরেল আরও বলেন, “সব ঘটনায় অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাসহ সরকারের পদত্যাগ দাবি এবং নেতাকর্মীদের গ্রেপ্তার-মামলার প্রতিবাদে আন্দোলনে থাকা বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ চলছে বাংলাদেশে। এর প্রথম দিনে এমন বিবৃতি এল।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংর্ঘষে হতাহতের ঘটনার পর হরতাল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। এরমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক জ্যেষ্ঠ এবং বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা গ্রেপ্তার হয়েছেন।

রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে অনলাইনে সংবাদ সম্মেলেনে দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬১ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নয়টি মামলায় এক হাজার ৬০ জনের বেশি নতুন করে আসামি হয়েছে।

গত ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৭ হাজার ৯৭৪ জন বলেও দাবি করেন তিনি। 

রোববার বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করছি।

“অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতায় সহায়ক উপায় খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।”

পুরানো খবর:

সহিংসতা-প্রাণহানিতে ‘মর্মাহত’ ইউরোপীয় ইউনিয়ন