নয়াপল্টনে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর শনিবার দুপুরে নাইটিঙ্গেল মোড়ে পুলিশের ছোঁড়া টিয়ার সেলই পুলিশের দিকে ছুঁড়ে মারছেন বিএনপির নেতাকর্মীরা।
Published : 29 Oct 2023, 03:45 PM
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকায় ইউনিয়ন এবং এর সদস্য দেশের দূতাবাসগুলো।
রোববার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক যৌথ বিবৃতিতে ঢাকায় ইইউ দূতাবাস বলেছে, ঢাকায় প্রাণহানি ও সহিংসতার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ‘গভীরভাবে মর্মাহত’।
অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ থাকা যে জরুরি, সে কথাও বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।
সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে শনিবার ঢাকার নয়া পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে কাছেই কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা।
পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে আগুন দেওয়া হয় অ্যাম্বুলেন্সে, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন।
দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘাতে প্রাণ যায় যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লার।
এছাড়া বিএনপি নেতাকর্মী, পুলিশ, সাংবাদিকসহ আহত হন অনেকেই। পুলিশ জানিয়েছে, তাদের অন্তত ৪১ জন সদস্য আহত হয়েছেন। বিএনপির দাবি, পুলিশের হামলায় সহস্রাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের মধ্যে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো এবং ঢাকায় মার্কিন দূতাবাসও এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে তারা বলেছে, আজ ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে সহিংসতার সব ঘটনাই আমরা পর্যালোচনা করব।”
পুরনো খবর