এসএসসি: প্রথম দিন অনুপস্থিত ৩৩৮৬০, বহিষ্কৃত ২৬
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৭১ জন।
মহামারী ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে বৃহস্পতিবার সারাদেশে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হয়েছে ২৬ শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের তিন হাজার ৬৮১টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৭১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২১১ জন। তার মানে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ জন, শতাংশের হিসেবে যা ১ দশমিক ৭৫ শতাংশ।
প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে ভোকেশনালে বাংলা-২ (১৯২১) এবং বাংলা-২ (১৭২১) বিষয়ের পরীক্ষা হয়েছে।
প্রথম দিনের পরীক্ষায় কারিগরি বোর্ডে সবচেয়ে বেশি ৪ দশমিক ২৩ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৪ দশমিক ২১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কারিগরি বোর্ডে ১২ জন এবং মাদ্রাসা বোর্ড থেকে ৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
ঢাকা বোর্ডে দশমিক ৯৯ শতাংশ, রাজশাহীতে দশমিক ৯১ শতাংশ, কুমিল্লায় ১ দশমিক ৫৫ শতাংশ, যশোরে ১ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ১ দশমিক ২০ শতাংশ, সিলেটে দশমিক ৯৯ শতাংশ, বরিশালে ১ দশমিক ১৪ শতাংশ, দিনাজপুরে ১ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে দশমিক ৯১ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ও ময়মনসিংহ বোর্ডে ২ জন করে মোট ৪ জন এবং ঢাকা ও কুমিল্লা বোর্ডে ১ জন করে মোট ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর আগের বছরের এসএসসি পরীক্ষার প্রথমদিনে বিজ্ঞান বিভাগের ২ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মহামারীর কারণে ওই বছর শুধু নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হওয়ায় প্রথম দিন শুধু বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
দেশে সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনাভাইরাসের কারণে পুরো শিক্ষাসূচি পাল্টে যাওয়ায় গত বছর সাড়ে আট মাস পিছিয়ে নভেম্বরে এ পরীক্ষা নেয় সরকার।
একই কারণে এবার সাড়ে চার মাস পিছিয়ে গত ১৯ জুন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। বিভিন্ন জেলায় বন্যার কারণে স্থগিত হওয়া সে পরীক্ষা শুরু হল আরও তিন মাস পর।
মহামারীতে প্রস্তুতিতে ঘাটতি থাকায় এ বছর পুনর্বিন্যস্ত পাঠ্যসূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান- এসব বিষয়ে পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
