ভূমি নিয়ে প্রতারণায় ৭ বছরের জেল, আইন হচ্ছে
ভূমি নিয়ে প্রতারণা, জালিয়াতিসহ অপরাধের ধরনগুলো চিহ্নিত করে শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
ভূমি নিয়ে প্রতারণা করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে নতুন একটি আইন করার প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, খসড়া আইনে ভূমির কতগুলো অপরাধকে চিহ্নিত করা হয়েছে। সেসব অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে, যাতে নাগরিকরা নিজ-নিজ মালিকানাধীন ভূমির ওপর অধিকার নিশ্চিত করতে পারেন।
“ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতির ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করা হয়েছে এবং প্রতিরোধ, দমন ও প্রয়োজনে প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে।”
সরকারি এবং সর্বসাধারণের ব্যবহার্য ভূমি সম্পর্কিত অপরাধগুলো প্রতিরোধ ও দমনে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, ভূমি সম্পর্কিত বিরোধ আদালতের বাইরে সালিশি বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
খসড়ায় বলা হয়েছে, অন্যের মালিকানাধীন ভূমি নিজের বলে দাবি করলে, তথ্য গোপন করে কোনো জমি হস্তান্তর বা সমর্পণ করলে, নিজের মালিকানার অতিরিক্ত জমি বা অন্যের মালিকানাধীন জমি জেনেশুনে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর বা সমর্পণ করলে, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পরিচয় দিয়ে বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অন্য ব্যক্তি হিসেবে দেখিয়ে কিংবা ভিন্ন কোনো ব্যক্তি বলে পরিচয় দিয়ে সম্পত্তি হস্তান্তর বা সমর্পণ করলে সাত বছরের কারাদণ্ড হতে পারে।
কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট করার জন্য বা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি ত্যাগ করতে বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করার ইচ্ছায় কিংবা প্রতারণা করা যেতে পারে এরকম মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করলেও সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড দেওয়া হবে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মাহবুব জানান, ভূমি অবৈধ দখল, সরকারি স্বার্থযুক্ত ও জনগণের ব্যবহার্য ভূমি অবৈধভাবে ভরাট ও শ্রেণি পরিবর্তন করলে দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।
কৃষিজাত পণ্যের বাজার খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশের কৃষিজাত পণ্যের জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের যে কৃষিজাত পণ্য উৎপন্ন হয়, সেটার জন্য বহির্বিশ্বের বাজার খুঁজতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
“ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোতে যেখানে আমাদের দেশের মানুষ আছেন, তাদের মধ্যেও বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে ফল-শাকসবজি কিনতে তারা আগ্রহী। সেজন্য এসব দেশগুলোতে বেশি নজর দিতে বলা হয়েছে।”
মাহবুব বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে আমাদের কৃষিজাত পণ্য রপ্তানিতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এই খাতে যাতে বেশি আলোকপাত করা হয়, তিনি সেই নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য বাজার খুঁজতে নজর দিতে বলেছেন। যাতে এসব দেশ ভালো ক্রেতা হতে পারে।
সোমবারের মন্ত্রিসভা বৈঠকে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদনে সরকারের তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে যেসব প্রণোদনা ও সহযোগিতা করা হবে, তার একটি প্রস্তাব বা নীতিমালা তৈরি করা হয়েছে।
“কৃষি ও খাদ্যপণ্যে আমরা বিশেষ সফলতা অর্জন করেছি। এসব পণ্য প্রক্রিয়াজাত করে যারা উৎপাদনকারী তাদের সুলভমূল্য দেওয়া যাবে। বাজারজাতকরণের সুবিধা ছাড়াও রপ্তানির সুযোগ সৃষ্টি করতেও অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে এই নীতিমালায়।
“প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, যে সীমান্তবর্তী নদী দিয়ে যে বালু আসে, সেটা মোটা বালু। সেটা আসতে আসতে চিকন হয়ে যায়। সেক্ষেত্রে এসব উৎসে যদি ব্লক নির্মাণ করা যায়, তখন এ বালু বেশি কাজে লাগানো যাবে। যা অর্থনৈতিকভাবেই সাশ্রয়ী হবে।”
হোমিও চিকিৎসা তদারিকতে নতুন আইন
হোমিওপ্যাথি চিকিৎসা, সেবা ও ওষুধের ব্যাপারে তদারিক করতে ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাদের একটি হোমিওপ্যাথি বোর্ড আছে, সেটি প্রতিস্থাপন করে একটা কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিল পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হবে। এই কাউন্সিল হোমিওপ্যাথি সংক্রান্ত চিকিৎসা, সেবা, ওষুধের ব্যাপারে তদারিক করবে। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে ডিসিপ্লিনে আনার জন্য এই আইন করা হয়েছে।”
হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবে না বলে আদালতের নির্দেশনা রয়েছে। এ নিয়ে এক প্রশ্নে মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে কাউন্সিল সিদ্ধান্ত নেবে।
